তীব্র দাবদাহে পুড়ছে বাংলা। আর এরই মধ্যে এল আরও এক দুঃসংবাদ। অন্তত বিয়ার প্রেমীদের জন্য দুঃসংবাদই বলা যায় এটিকে। বাঁকুড়ায় ভেঙে চুরমার হয়ে গেল হাজার হাজার বিয়ারভর্তি বোতল। তৃষ্ণা নিবারণে নিয়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বিয়ারের পেটি ভর্তি একটি লরি আর এর জেরেই মুহূর্তে ভেঙে যায় হাজার হাজার বিয়ারের বোতল।
দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকায়। জানা গিয়েছে, গতকাল, মঙ্গলবার বিয়ারের পেটি বোঝাই করে বেরিয়েছিল ওই লরিটি। বাঁকুড়া থেকে পুরুলিয়ার দিকে যাচ্ছিল লরিটি। সেই সময় বাঁকুড়া-পুরুলিয়া জাতীয় সড়ক সংলগ্ন নতুনগ্রামের কাছে দুর্ঘটনার মুখে পড়ে লরিটিও। আর ওই লরিতেই বোঝাই করা পেটি পেটি বিয়ারের বোতল সব ভেঙে যায়।
স্থানীয় সূত্রের খবর, জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় নতুনগ্রামের কাছে একটি টার্নিং পয়েন্ট রয়েছে। সেই রাস্তা ধরেই বাঁক নিচ্ছিল লরিটি। তখনই ওই লরির সামনের চাকাটি প্রবল শব্দ হয়ে ফেটে যায়।
আর এর জেরেই নিয়ন্ত্রণ হারায় লরিটি। যার ফলে চালক সামলাতে পারেন নি। কিছুটা টলমল করতে করতে কিছুদূর গিয়ে রাস্তার ধারেই উলটে যায় ওই লরিটি। লরিটি উলটে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই লরিতে বোঝাই করা পেটিগুলি হুড়মুড় করে একে অন্যটার উপর পড়তে থাকে।
আর সেই পেটির মুখ খুলেই একে একে রাস্তায় পড়তে থাকে বিয়ারের বোতলগুলি। মুহূর্তের মধ্যে ভেঙে চৌচির হয়ে যায় হাজার হাজার বিয়ারের বোতল। কিছু বোতল এদিক ওদিক গড়াগড়ি খেতে থাকে। দুর্ঘটনা পরই দৌড়ে আসেন স্থানীয়রা। কিন্তু ততক্ষণে বাঁচাবার মতো আর কিছু নেই, ভেঙে গিয়েছে সবই প্রায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাঁকুড়া সদর থানার পুলিশও।





