‘এত রাতে আপনারা রাস্তায় একা, কোনও পুরুষ নেই কেন’, দার্জিলিং ম্যালে ‘নীতি পুলিশি’ দেখে চমকে উঠলেন দুই মহিলা পর্যটক

‘এত রাতে আপনারা রাস্তায় একা, কোনও পুরুষ নেই কেন’, দার্জিলিংয়ের রাস্তায় এমনই প্রশ্নের মুখে পড়তে হল দুই মহিলা পর্যটককে। রাতের শৈলশহরে দুই মহিলার একা ঘুরে বেড়ানো নিয়ে আপত্তি তোলার অভিযোগ উঠল দার্জিলিং পুলিশের বিরুদ্ধে। এই ঘটনা নিজের ফেসবুকে পোস্ট করেন দুই মহিলার একজন।

তিনি জানান যে তিনি তাঁর এক বান্ধবীর সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছেন। সেখানে নীতি পুলিশের মুখোমুখি হয়ে তাদের ঠিক কী অভিজ্ঞতা হল, তাই-ই নিজের পোস্টে বর্ণনা করেছেন তিনি। মহিলা লেখেন, “প্রিয় দার্জিলিংয়ে বরাবর আসি আমরা। ম্যালের আশপাশের সব গলি, রাস্তা আমাদের চেনা। নির্দিধায় সোলো ট্রাভেল করেছি বহুবার। কিন্তু, সেখানে এমন নীতি পুলিশি দেখে চমকে গেলাম”।

কোনও পুরুষ ছাড়া দুই মহিলা একা বেড়াতে গিয়েছেন বলেই কী এই নীতি পুলিশি? দার্জিলিং পুলিশের থেকে এমন প্রশ্ন কী আশা করা যায়, নেটিজেনদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন ওই মহিলা।

মহিলার কথায়, গত ২২শে এপ্রিল রাত ১০টা ১০ মিনিট নাগাদ গ্লেনারিস থেকে ডিনার করে ফিরছিলেন তারা। দার্জিলিং ম্যালের ভিউ পয়েন্টের রাস্তা দিয়ে হোটেলের দিকে ফিরছিলেন ওই দুই মহিলা। সেই সময় তাদের পথ আটকায় দার্জিলিং পুলিশ।

ওই পর্যটক লিখেছেন, “চমকে গেলাম দু’জন দার্জিলিং পুলিশ আমাদের দিকে কৌতূহল নিয়ে তাকিয়ে। একজনের দৃষ্টি যথেষ্ঠ শ্লেষ। আমরা দু’জন উত্তর দিলাম হোটেলে ফিরছি। হোটেলের নাম বললাম। সেটা শুনে একজন এগিয়ে গেলেও অপরজন বেশ অধিকার নিয়ে আমাদের শাসন করতে দাঁড়িয়ে গেলেন। আমাদের উচিত ছিল কাউকে সঙ্গে নিয়ে রাস্তা দিয়ে ফেরা। আমি এতটাই অবাক হয়েছিলাম যে বাকরুদ্ধ হয়ে গিয়েছি। আমার বান্ধবী কোনওমতে জবাব দিল, আমাদের সঙ্গে কেউ নেই। তারপরও উনি বলে চললেন, আপনাদের উচিত হয়নি কাউকে না নিয়ে ফেরা। আমরা অযাচিত শাসন এড়াতে ধন্যবাদ বলে এগিয়ে গেলাম। তা সত্ত্বেও উনি জ্যাঠামশাইয়ের মতো দাঁড়িয়ে কিছু বলার চেষ্টা করছিলেন”।

এই গোটা বিষয় নিয়ে দার্জিলিং পুলিশের অ্যাডিশনাল এসপি সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, “দার্জিলিং পুলিশ কখনও এমন বাদবিচার করেন না। দার্জিলিঙে বেড়াতে আসা সমস্ত পর্যটকের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের দায়িত্ব”।

আরও অন্যান্য খবর