তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বিরুদ্ধে ত্রিপুরার তিনটি থানায় অভিযোগ দায়ের করার খবর সামনে এল। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে উত্তর-পূর্ব রাজ্যের তিনটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তৃণমূল নেতাকে ত্রিপুরায় হাজির হওয়ার জন্য নোটিশ পাঠিয়েছে পুলিশ। এই নিয়ে কুণালের মন্তব্য, বিজেপি ভয় পেয়েছে।
কিছুদিন আগেই আগরতলায় ভোটপ্রচারে গিয়েছিলেন কুণাল ঘোষ। অভিযোগ, সেই প্রচারসভা থেকেই রামায়ণ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “রামরাজ্যে সীতাকে পাতালে প্রবেশ কেন করতে হয়েছিল? কেন অগ্নিপরীক্ষা দিতে হয়েছিল সীতাকে”?
তিনি এও দাবী করেন যে রামায়ণের রামরাজত্বের যুগে মহিলাদের নিরাপত্তা ছিল না। এর পরই কুণালের এই মন্তব্যকে ঘিরে দানা বাঁধে বিতর্ক। তৃণমূল নেতার এমন মন্তব্য স্থানীয়দের ভাবাবেগে আঘাত করেছে বলে অভিযোগ।
এরপরই ত্রিপুরার তিনটি থানা – অমরপুর, ওম্পি, ও নতুন বাজারে কুণালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁকে নোটিশও পাঠানো হয়েছে বলে খবর। এর আগে পশ্চিম থানাতেও তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল। নোটিশ পাথালে হাজিরা দিতেও গিয়েছিলেন কুণাল।
এবারের তিনটি নোটিসের প্রেক্ষিতে কুণাল ঘোষ বলেন, “ত্রিপুরায় রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছে বিজেপি। ভয় পাচ্ছে ওরা। তাই এত হামলা-মামলা”।
এরপরই তিনি প্রশ্ন তোলেন, “বিজেপি রাম রাজত্ব, রামায়ণ নিয়ে সারাদিন চেঁচাতে পারে। আর আমরা রামায়ণ নিয়ে কথা বললেই ভুল? তাহলে আদালত ঠিক করে দিক রামায়ণের কোনও অংশ নিয়ে কথা বলা যাবে, আর কোনটা নিয়ে নয়”। তিনি আরও জানান, “ত্রিপুরার পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলছি। সাধারণত নোটিস পেলে আমি সশরীরে হাজিরা দিই। এবারও যাব”।





