Weather update : আকাশে গর্জন, বাতাসে ঝড়ের আভাস! আজই কলকাতায় নামছে ভয়ংকর বৃষ্টি? জারি হল বিশেষ সতর্কতা

ঘন কালো মেঘে ঢেকে যাচ্ছে আকাশ। রোদের মাঝে হঠাৎ হাওয়া, আবার কোথাও কোথাও হালকা গর্জনও শোনা যাচ্ছে। গরমের মাঝে এমন এক অদ্ভুত পরিবেশে শহরবাসীর মনে এখন শুধু একটাই প্রশ্ন—আবার কি ঝড় আসছে? সারা দিন কাজের মাঝে ছায়া খোঁজা আর সন্ধের দিকে আকাশপানে তাকিয়ে থাকা এখন যেন কলকাতার রোজকার চিত্র।

গরমে নাভিশ্বাস ওঠা মানুষদের জন্য এই আবহাওয়ার পরিবর্তন স্বস্তি বয়ে আনলেও, সেই সঙ্গে আনছে একটা অনিশ্চয়তাও। বাইকে, রিকশায় কিংবা অফিস ফেরত বাসে বাড়ি ফেরা মানুষের কানে এখন নিয়মিতই শোনা যাচ্ছে, “বৃষ্টি নামবে বুঝি?” এমন সময় আবহাওয়া দফতরের একটি আপডেট রীতিমতো জল্পনা বাড়িয়ে দিয়েছে শহরবাসীর মধ্যে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে আগামী সপ্তাহজুড়ে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি নয়, কোথাও কোথাও হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়। বাতাসের গতিও হতে পারে ঘন্টায় ৩০ থেকে ৬০ কিমি পর্যন্ত। এমন পরিস্থিতিতে রবিবার, সোমবার ও বুধবার কলকাতার জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে।

পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে রবিবারের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং মুর্শিদাবাদেও ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রপাতের সময় বাড়ির বাইরে না বেরনোর পরামর্শ দিচ্ছেন আবহাওয়াবিদেরা।

আরও পড়ুনঃ নীলষষ্ঠীতে সৌভাগ্যের ইঙ্গিত, এই ৪ রাশির জীবনে আসতে চলেছে বড় পরিবর্তন

উত্তরবঙ্গের আট জেলাতেও রবিবার এবং বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে উত্তর ও দক্ষিণ—দুই বঙ্গেই আপাতত বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের মতে, বিহার ও বাংলাদেশের উপর একটি উচ্চচাপ বলয় তৈরি হওয়ায় বঙ্গোপসাগর থেকে রাজ্যে ঢুকছে প্রচুর জলীয় বাষ্প, যার ফলেই রাজ্যজুড়ে তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিবেশ।

Jui Nag

আমি জুই নাগ, পেশায় নিউজ কপি রাইটার, লেখালেখিই আমার প্যাশন। বিনোদন, পলিটিক্স ও সাম্প্রতিক খবর পাঠকদের সামনে তুলে ধরাই আমার লক্ষ্য। তথ্যভিত্তিক ও আকর্ষণীয় কনটেন্টের মাধ্যমে সঠিক সংবাদ পৌঁছে দিই।

আরও পড়ুন

RELATED Articles