দুপুরেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় তুমুল ঝড় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমী ঝঞ্ঝার জেরে বৃষ্টি হবে উত্তরেও, সম্ভাবনা শিলাবৃষ্টিরও

আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে। শিলাবৃষ্টির সম্ভাবনাও আছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আজ শিলাবৃষ্টির সম্ভাবনা আছে।কলকাতায় আজ, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৪ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

হাওয়া অফিসের পূর্বাভাস, আজ দুপুরের পর থেকে কালবৈশাখীর মেঘ ঘনাতে পারে। বৃষ্টি ও ঝড়ের গতিবেগ বাড়বে। বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। আজ ঘণ্টায় প্রায় ৫০-৬০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে বিদর্ভ থেকে কেরল অবধি। আজ ঝড়বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়াতে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হবে। বৃষ্টি বেশি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, নদিয়াতে। বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে। শুক্রবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং মুর্শিদাবাদে।

উত্তরবঙ্গে বাড়ছে উষ্ণতা। তবে এখন ঠান্ডাও রয়েছে। কুয়াশায় ঢেকেছে শৈলশহর। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, বুধবার থেকে উত্তরের একাধিক জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বুধবার থেকে বৃষ্টি শুরু হতে পারে উত্তরবঙ্গের তিন জেলাতে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা মালদহ ও দিনাজপুরে। পশ্চিমী ঝঞ্ঝা ঢুকছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকাতেও। বুধবার থেকে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

RELATED Articles