দামামা বেজে গিয়েছে লোকসভা নির্বাচনের। ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফার এই ভোট চলবে প্রায় দেড় মাস ধরে। ১ জুন রয়েছে শেষ দফার ভোট। আর ভোটের ফলাফল প্রকাশিত হবে ৪ জুন।
সমস্ত রাজনৈতিক দলের মধ্যেই এই মুহূর্তে উত্তেজনা চরমে। প্রার্থী ঘোষণাও প্রায় শেষের দিকেই বলা যায়। বাংলায় এখনও ২২ আসনে প্রার্থী ঘোষণা বাকি রয়েছে বিজেপির। ভোটের আবহে এবার ভোটের ফলাফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর। বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ কত আসন পাবে বা বাংলায় বিজেপি কেমন ফল করবে, তা নিয়েই এবার জানালেন পিকে।
বাংলায় কত আসন পেতে পারে বিজেপি?
বাংলায় ৪০টি আসন পাওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে গেরুয়া শিবির। এই বিষয়ে পিকে বললেন, “আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের তুলনায় ভাল ফল হবে বিজেপির। পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে, যেটা বিজেপির পক্ষে যাবে”।
গোটা দেশে ৪০ আসন পেরোনোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। তবে প্রশান্ত কিশোরের মতে, বিজেপি এককভাবে ৩৭০ আসন জয়ের সম্ভাবনা কম। তবে তিনি এও জানান, দক্ষিণের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বারবার সফরের কারণে সেখানে ভালো ফল করতে চলেছে বিজেপি।
এই সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর ভোটের ফল নিয়ে ভবিষ্যৎবাণী করলেও কোন দল কত আসন পাবেন, তা এখনও নিশ্চিত করে বলেন নি তিনি। তবে জয় যে গেরুয়া শিবিরের পক্ষেই আসতে চলেছে, তা বেশ স্পষ্ট। জানা গিয়েছে, শুধুমাত্র বাংলাই নয়, বিহার, ওড়িশা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু ও কেরলেও দারুণ ফল করতে চলেছে বিজেপি।
কেন বিজেপি ভালো ফল করবে, সেই ব্যাখ্যাও দেন পিকে। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা খুবই বেশি। এর উপর বিরোধীরা তেমন শক্তিশালীও নয়, সেই কারণেই এনডিএ জোট বেশ সুবিধা পাবে। পিকে-র মতে, মোদী বিরোধীদের থেকেই অনেক প্রচার পেয়েছেন যা আখেরে বিজেপির ঝুলিই আরও শক্ত করবে।





