এবারে বাঘের আতঙ্ক ছড়ালো দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের বীরভূমে মিলেছেন বাঘের পায়ের ছাপ। আর তাতেই আতঙ্কিত সেখানকার স্থানীয় বাসিন্দারা।
সূত্রের খবর, বীরভূমের মুরারইয়ের বালিয়া গ্রামে শুরু হয়েছে বাঘের আতঙ্ক। এই বালিয়া গ্রামের পাশ দিয়েই বসে গিয়েছে বাসলোয় নদী৷ আর সেই নদীর পারেই বাঘের পায়ের ছাপ মিলেছে বলে দাবী গ্রাম বাসীদের। শুধু পায়ের ছাপই নয়, গ্রামবাসীরা জানিয়েছেন যে গতকাল রাত ৮ টা এর আশেপাশে বেশ কিছু গ্রামবাসীরা গ্রামের এক স্কুলের পাশের বাগানে বাঘ দেখেছেন৷ এরপরই আতঙ্কে ঘুম উড়ে যায় গ্রামবাসীদের।
খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মুরারই থানার পুলিশ। গ্রামবাসীদের অনুমান ঝাড়খন্ডের জঙ্গল থেকেই নদী পথে এই বাঘ এসেছে। কিছুদিন আগেও নাকী বাসলোয় নদী ছিল জলে টইটুম্বুর। আর সেই নদী সাঁতরেই বাঘ এই গ্রামে এসেছে বলে গ্রামবাসীদের আশঙ্কা। কারণ, দিন কয়েক আগেই পাশ্ববর্তী ঝাড়খণ্ডের এক গ্রাম থেকে বাঘের খবর মিলেছিল৷ আপাতত বাঘের তল্লাশি চালাচ্ছে বনদফতর সহ পুলিশরাও। তবে বলা বাহুল্য যে, বাঘের ভয়ে রাতের ঘুম ভুলতে বসেছেন গ্রামবাসীরা।





