রাজ্যে পঞ্চম দফার ভোটের দিনও শান্তি বজায় থাকল না নানান বিধানসভা কেন্দ্রে। আজ রাজ্যের ৬ জেলার ৪৫টি বিধানসভা কেন্দ্রে ভোট। এদিন শাসক-বিরোধী সংঘর্ষে উত্তপ্ত হল বেশ কিছু এলাকা। তৃণমূল-বিজেপি বচসার জেরে উত্তেজনা সৃষ্টি হয় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের নীলপুর এলাকায়। খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী-সহ ঘটনাস্থলে উপস্থিত হন পুলিশের শীর্ষ কর্তারা। বেশ কিছুজন আটক হয়েছে বলে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রের খবর, এদিন নীলপুর এলাকায় একটি বুথের বাইরে উপস্থিত ছিলেন তৃণমূল-বিজেপির কর্মী-সমর্থকরা। আচমকাই দু’পক্ষের মধ্যে বচসা শুরু হয়। চলে ইট বৃষ্টি। দু’পক্ষের সংঘর্ষের জেরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় গোটা এলাকায়।
আরও পড়ুন- পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর
এই খবর পেয়ে কেন্দ্রীয় বাহিনী-সমেত ঘটনাস্থলে পৌঁছন ডিএসপি হেড কোয়ার্টার ও বর্ধমান থানার আইসি। তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আটক করা হয়েছে দু’পক্ষেরই বেশ কয়েকজনকে। অশান্তি এড়াতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিস বাহিনী। বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে আরও কিছু জায়গা থেকেও। তবে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর তৎপরতায় তা এড়ানো সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে
উল্লেখ্য, রাজ্যে চতুর্থ দফা ভোটের দিন অর্থাৎ ১০ই এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্যে। সেদিন ওই এলাকায় ভোট দিতে গিয়ে দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান এক যুবক। এরপর, মনে করা হয়েছিল, পঞ্চম দফার ভোট হয়ত শান্তিপূর্ণভাবে হবে। কিন্তু কোথায় কী? এদিন সকাল থেকেই নানান কেন্দ্র থেকে নানান অভিযোগ আসতে শুরু করে। রাজ্যের পঞ্চম দফা ভোটেও একাধিক ঘটনায় উত্তপ্ত হল রাজ্যের নানান এলাকা।






