WB Election 2021: শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

শীতলকুচির পর এবার দেগঙ্গা। ফের গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, আজ, শনিবার ভোটের আবহের মধ্যেই মাটি লক্ষ্য করে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। লাঠিচার্জের অভিযোগও উঠেছে। তবে গুলি চালানোর অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে কমিশনের তরফে।

স্থানীয়দের সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, চাকলা পঞ্চায়েতের ২১৫ নম্বর বুথের কাছে চার-পাঁচজন বসেছিলেন। সেই সময় কেন্দ্রীয় বাহিনী সেখানে এসে মাটি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন- শীতলকুচিকাণ্ডকে ঘিরে রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, মমতার ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে কমিশনে অভিযোগ বিজেপির 

নিজেকে স্থানীয় হিসেবে পরিচয় দেওয়া এক ব্যক্তি বলেন, “সাত-আটজন বিএসএফ-কেন্দ্রীয় বাহিনী নামল। এখানে আমাদের দু’জন শুয়েছিল। ওরা তাড়া করল সবাইকে। দিয়ে এখানে এসকে ফায়ার করল। দিয়ে আমাদের কয়েকজনকে ধানখেত পর্যন্ত তাড়া করে নিয়ে গেল। কী কারণে ফায়ার করল, সেটা আমরা বুঝতে পারছি না”।

অপর এক ব্যক্তির দাবী, গাড়ি থেকে নেমে লাঠি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী। এক রাউন্ড গুলি চালানো হয়েছে। তবে কেউ হতাহত হননি। যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্রীয় বাহিনী। ঘটনায় দ্রুত রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কোনও গুলি চলেনি সেখানে। গ্রামবাসীদের বিভ্রান্ত করা হচ্ছে।

আরও পড়ুন- মিনাখাঁয় নিখোঁজ এক বিজেপি এজেন্ট, অন্য এজেন্টকে মেরে মাথা ফাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

প্রসঙ্গত, রাজ্যে চতুর্থ দফার ভোটের দিন অর্থাৎ ১০ই এপ্রিল কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় চারজনের। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায় গোটা রাজ্য জুড়ে। কোচবিহারের পুলিশ জানান, সেদিন বুথের কাছে অচেতন হয়ে পড়েন এক যুবক। তাঁর চোখে মুখে জল দেওয়া হচ্ছিল। তাঁকে হাসপাতালেও পাঠানো হয়। এরই মধ্যে গ্রামের মধ্যে গুজব ছড়ায় যে পুলিশ গুলি করেছে। এরপরই অস্ত্রশস্ত্র নিয়ে তেড়ে আসেন ৩০০-৪০০ মানুষ। ঘিরে ধরা হয় কেন্দ্রীয় বাহিনীকে। অভিযোগ তাদের বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। আত্মরক্ষার্থেই গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। এরপরই তোলপাড় শুরু হয় এই ঘটনাকে ঘিরে।

আরও অন্যান্য খবর