WB Election 2021: পার্ণো মিত্রকে ‘গো ব্যাক’ স্লোগান, বুথে ঢুকতে বাধা, গাড়ি ঘিরে বিক্ষোভ, উত্তপ্ত বরানগর

আজ রাজ্যে পঞ্চম দফার ভোট। এদিন রাজ্যের ৬ জেলার ৪৫টি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। সকাল থেকেই নানান এলাকা থেকে অশান্তির খবর উঠে এসেছে। এবার তৃণমূল-বিজেপির দাঙ্গায় উত্তপ্ত হল বরানগরের আলমবাজার এলাকা। বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্রের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। তাঁর উদ্দেশে উঠল ‘গো ব্যাক’ স্লোগান। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নামে কেন্দ্রীয় বাহিনী। চলে লাঠিচার্জ। চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

রাজ্যে পঞ্চম দফা ভোটের দিন বুথ পরিদর্শনে করছেন বিজেপি প্রার্থী পার্ণো মিত্র। সেই মতোই বরানগরের ৭ নম্বর ওয়ার্ডের ৭৮ নম্বর বুথ পরিদর্শনে গেলে তাঁকে বাধা দেওয়া হয়। পার্ণোর কথায়, সেখানে ছাপ্পা ভোট হচ্ছে শুনে ছুটে যান তিনি। তিনি এও অভিযোগ করেন যে সেখানে কারোর ভোটার কার্ড দেখা হচ্ছে না।

আরও পড়ুন- শীতলকুচির ছাপ এবার দেগঙ্গায়! ফের গুলি চালানোর অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে

পার্ণোর কথায়, “ভোটারদের প্রভাবিত করা ও ছাপ্পা ভোটের খবর পেয়ে বুথে এসেছিলাম। এখানে ভোটার কার্ড চেক হচ্ছে না। আসার পর অশান্তি পাকায় তৃণমূল কর্মীরা। আমাকে বুথে ঢুকতে দেওয়া হয়নি।“ পার্ণোর গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখানো হয়েছে বলে অভিযোগ। ধাক্কাধাক্কিও হয় গাড়িতে। কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামলায়।

আরও পড়ুন- শীতলকুচিকাণ্ডকে ঘিরে রাজ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, মমতার ফাঁস হওয়া অডিও টেপ নিয়ে কমিশনে অভিযোগ বিজেপির 

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, বিজেপি প্রার্থী বহিরাগতদের নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। আলমবাজারের বুথে আসতেই শুরু হয় বিক্ষোভ। দু’পক্ষের বচসার জেরে ক্রমশ উত্তপ্ত হয় পরিস্থিতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জও করে কেন্দ্রীয় ও পুলিশ বাহিনী। বরানগরের তৃণমূল প্রার্থী তাপস রায়ের দাবী, “১৮টি গাড়ি নিয়ে ঘুরছেন বিজেপির তারকা প্রার্থী। এতগুলো গাড়ি নিয়ে ঘোরার অনুমতি কী আদৌ আছে?” তাঁকে কোথাও আটকানো হয়নি বলেই দাবী তাপস রায়ের। ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে বরানগর আলমবাজার এলাকায়।

RELATED Articles