অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ এনে এক মহিলার উপর নীতি পুলিশি ফলানোর অভিযোগ উঠল তৃণমূল নেত্রীর বিরুদ্ধে। ডায়মন্ড হারবার পুরসভার প্রাক্তন কাউন্সিলর তথা কো-অর্ডিনেটরের বিরুদ্ধে অভিযোগ, এক মহিলার বিরুদ্ধে অবৈধ সম্পর্ক থাকার অভিযোগ এনে সালিশি সভা ডাকেন তিনি। সেই সভায় ওই মহিলা ও তাঁর মেয়ের উপর নির্যাতন করা হয় বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, ওই মহিলার নাম কল্পনা বর। বয়স ৪৫ বছর। জানা গিয়েছে, গত শুক্রবার তাঁর প্রতিবন্ধী ছেলের খোঁজে বেরিয়েছিলেন। পাড়ার কালীপূজার প্যান্ডেলে যান তিনি। কিন্তু ছেলেক খুঁজে পান নি। এরপর বাড়ি ফিরে মেয়ে পূজার সঙ্গে খেতে বসেন তিনি। তখনই বাড়িতে কড়া নাড়ার শব্দ। পাড়ার ছেলেদের নিয়ে হাজির হয়েছেন কো-অর্ডিনেটর কাকলি বর।
জানা গিয়েছে, তাদের বাড়ি থেকে পাড়ার পঞ্চানন মন্দিরের কাছে মা ও মেয়েকে টেনে নিয়ে যাওয়া হয়। কো-অর্ডিনেটর অভিযোগ তোলেন যে কল্পনা বরকে নাকি এক অন্য পুরুষের সঙ্গে আপত্তিজনক অবস্থায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। এর জেরে আতঙ্কিত হয়ে কলকাতার বাপের বাড়িতে মেয়েকে নিয়ে পালিয়ে আসেন কল্পনা বর।
আক্রান্ত কল্পনা বর অভিযোগ করেন, সেই রাতে মা–মেয়ের মাথা ন্যাড়া করার ব্যবস্থাও নাকি করা হয়েছিল। কো–অর্ডিনেটর সালিশি সভা বসিয়ে মারধর করেন। এমনকী পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এর পাশাপাশি কাকলি বর মহিলাকে গ্রাম ছেড়ে চলে যাওয়ার নিদান দেন।
আক্রান্ত মহিলার স্বামী ও তাঁর প্রতিবন্ধী ছেলেকেও মারধর করা হয় বলে অভিযোগ। এদিকে পুলিশে না যাওয়ার জন্য হুমকিও দেওয়া হয় মহিলাকে। তবে এই ঘটনার খবর পেয়ে পুলিশ নির্যাতিতার স্বামী ও ছেলেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে দিকে ওয়ার্ড কো-অর্ডিনেটর পুলিশের কাছে পাল্টা অভিযোগ জানিয়েছেন যে ওই মহিলা ও তাঁর মেয়ে পরিকল্পিতভাবে এলাকায় অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছেন।





