গতকাল, শুক্রবারই আগামী বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যথারীতি, ভোটের দিনক্ষণ ঘোষণার পর নির্বাচনী বিধি জারি হয়ে গিয়েছে রাজ্যে। কিন্তু প্রথম দিনই সেই নিয়ম বিধি লঙ্ঘন করল রাজ্য সরকার। নির্বাচনী বিধি অনুযায়ী, ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর কোনও রাজনৈতিক দল সরকারী কোনও প্রকল্প উদ্বোধন বা সেই বিষয়ে কোনও কাজ করতে পারে না। কিন্তু সেই নিয়ম না মেনেই স্কুল ছাত্রীদের সবুজসাথী প্রকল্পের সাইকেল বিলি করার অভিযোগ উঠল কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে বিজেপি-বাম-কংগ্রেস, নানান বিরোধী দলগুলি।
অভিযোগ, শুক্রবার বিকেলে ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পর রাতের অন্ধকারে কালিয়াগঞ্জ কিশানমান্ডি থেকে সবুজ সাথী প্রকল্পের সাইকেল দেওয়ার জন্য তা মিলনময়ী হাইস্কুলে নিয়ে যাওয়া হয়। এরপর আজ, শনিবার সকালে তা স্কুলের ছাত্রীদের বিলি করা হয়েছে বলে জানা গিয়েছে।
তবে এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয় যে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের তরফ থেকে গতকালই এই সাইকেলগুলি দেওয়ার কথা ছিল। কিন্তু বিকেলে নির্বাচনের দিন ঘোষণা হওয়ায় তা আজ স্কুল থেকে দেওয়া হচ্ছে।
এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে নানান বিরোধী দলগুলি। বিজেপির জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “স্কুলের ছাত্রীদের সাইকেল দিয়ে প্রলোভন দেখিয়ে ভোটের বৈতরণী পার করতে চাইছে তৃণমূল। নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে কালিয়াগঞ্জ ব্লক প্রশাসন এই কাজ করায় আমরা জেলা নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানাব”।
আরও পড়ুন- মহারাজ কী সত্যিই বিজেপিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই ফের উঁকি দিচ্ছে জল্পনা
অন্যদিকে, সিপিএমের পক্ষ থেকে ইতিমধ্যেই কালিয়াগঞ্জ ব্লক প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। তবে প্রশাসনের তরফে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও মন্তব্য করা হয়নি। ভোটের দিনক্ষণ ঘোষণার পরদিনই নির্বাচনী বিধি লঙ্ঘন করে এমন কাজ করায় তৃণমূলের মধ্যে অস্বস্তি বেড়েছে বলেই মনে করা হচ্ছে।





