বিধানসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তৃণমূল-বিজেপি সংঘর্ষ তীব্র হচ্ছে। বিভিন্ন জায়গায় তৃণমূলের বিরুদ্ধে বিজেপি নেতা-কর্মী-সমর্থকদের আক্রমণ করার অভিযোগ কানে এসেছে। ফের তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠল বিজেপি সমর্থকদের মারধরের কারণে।
জানা গিয়েছে, ট্যাংরার বিজেপি সমর্থকদের মারধর করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। রক্তাক্ত অবস্থায় একাধিক বিজেপি সমর্থকদের উদ্ধার করা হয়। তাদের এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যের দিকে ট্যাংরার মথুরবাবু লেন এলাকায় চলছিল কম্বল বিতরণ অনুষ্ঠান। বিজেপি সমর্থকদের পক্ষ থেকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। এই অনুষ্ঠানেই হামলা চালায় তৃণমূল দুষ্কৃতী। জানা গিয়েছে, প্রায় ৩০-৪০ জন দুষ্কৃতী বাঁশ-রড নিয়ে হামলা করে। আহত হন একাধিক বিজেপি সমর্থক। তাদের রক্তাক্ত অবস্থায় এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন বাপি দে নামের ব্যক্তি। অভিযোগ উঠেছে, ওই ব্যক্তি বিজেপি সমর্থক হওয়ায় তাঁর বাড়িতে ঢুকেও হামলা চালায় তৃণমূল দুষ্কৃতীরা। জানা গিয়েছে, বাপি দে’র স্ত্রী, দুই সন্তান ও শাশুড়ির উপরও হামলা চালানো হয়েছে। তাদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। তবে তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ নাকোচ করা হয়েছে। ট্যাংরা থানায় এই নিয়ে অভিযোগ করা হলে তাদের তরফ থেকে কোনও পদক্ষেপ করা হয়নি। এর ফলে থানার ওসির বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। জানা গিয়েছে, এই বুধবার এই ঘটনা নিয়ে বিক্ষোভ দেখাতে পারে বিজেপি।





