কোচবিহারের দিনহাটায় (Dinhata) আজ, শনিবার জনসংযোগ কর্মসূচি ছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nisith Pramanik)। তাঁর এই কর্মসূচিতেই ঘটল ধুন্ধুমার কাণ্ড। মিছিলে চলল গুলি, বোমাবাজি (bombing)। পাথর ছোঁড়া হয় মন্ত্রীর গাড়িতে।
এই ঘটনার জেরে ভাঙে নিশীথের গাড়ির কাঁচ। তবে কেন্দ্রীয় মন্ত্রী নিরাপদই রয়েছেন বলে জানা গিয়েছে। এই বিশৃঙ্খলা সামলে শেষমেশ মিছিল করেন নিশীথ। এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল উঠেছে। কর্মসূচিতে পুলিশ, সিআইএসএফের নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে এমন হামলার ঘটনা ঘটতে পারে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। এই ঘটনার পর এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, আজ, শনিবার দিনহাটার বুড়িরহাট এলাকায় জনসংযোগ কর্মসূচি ছিল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের। এর পাল্টা তৃণমূলের তরফে স্থির করা হয় যে নিশীথ যখন এলাকায় আসবেন, তখন তাঁকে কালো পতাকা দেখানো হবে।
এদিন কর্মসূচির জন্য মন্ত্রীর নিরাপত্তার স্বার্থে মোতায়েন ছিল পুলিশ ও সিআইএসএফ। কিন্তু তবুও হামলা এড়ানো গেল না। নিশীথের কনভয় আটকে কালো পতাকা দেখায় তৃণমূল কর্মীরা। উঠতে থাকে স্লোগান। নিশীথের গাড়িতে পাথর ছোঁড়া হয়। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে পড়লে পুলিশ তৃণমূল সমর্থকদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। কাঁদানে গ্যাস ছোঁড়ে পুলিশ।
অভিযোগ, এরপর আচমকাই জনবহুল এলাকায় গুলির শব্দ শোনা যায়। চলে বোমাবাজি। তবে এই গুলি ও বোমাবাজির ঘটনায় কেউ জখম হয়েছে কী না, তা জানা যায়নি। এই ঘটনা প্রসঙ্গে নিশীথ বলেন, “এখানে আগে থেকেই আমাদের উপর হামলার ছক করা হয়েছিল। আর পুলিশকে দেখুন না, আমাদের নিরাপত্তা দেবে কী? তাদের ব্যারিকেড তো হামলাকারীদের বাঁচাতে। আমি পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি। রাজ্যের মানুষ তো দেখছেন কী হচ্ছে”। এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূলের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার