কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানান সময় নানান অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বরাদ্দ নিয়েও তাঁর দাবী কেন্দ্র নাকি বাংলাকে বঞ্চিত করে। এবার এমন সংঘাতের মধ্যেই বাংলায় বড় অনুমোদন দিল মোদী সরকার (Modi Government)। শিক্ষাখাতে (education sector) বাংলাকে ২ হাজার ৬৫০ কোটি টাকা বরাদ্দ করল কেন্দ্রীয় সরকার।
বাংলার শিক্ষা দফতরের জন্য বড় অঙ্কের অর্থ অনুমোদন করল কেন্দ্র। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এটা বড় খবর। ২০২৩–২৪ শিক্ষাবর্ষে সমগ্র শিক্ষা বিষয়ের জন্য ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করল নরেন্দ্র মোদীর সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে।
সমগ্র শিক্ষা মিশনে ২ হাজার ৬৫০ কোটি টাকা মঞ্জুর করেছে কেন্দ্রীয় সরকার। শুধু তাই-ই নয়। স্কুলের পরিকাঠামোর জন্যও ২৪৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর। এই সমগ্র শিক্ষা মিশন অভিযান খাতে কেন্দ্রীয় সরকার থেকে মেলে ৬০ শতাংশ আর রাজ্য দেয় বাকি ৪০ শতাংশ। গতকাল, শুক্রবার কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের অধীনে সমগ্র শিক্ষা মিশনের অফিসারদের সঙ্গে রাজ্যের ভার্চুয়াল বৈঠক হয়। সেই বৈঠকেই রাজ্যের তরফে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকে প্রেজেন্টেশন দেওয়া হয়। এরপরই বাংলাকে বড় অঙ্কের আর্থিক বরাদ্দের কথা জানানো হয়।
আজ, শনিবার শিক্ষাখাতে অর্থ অনুমোদনের সেই চিঠি এসে পৌঁছেছে রাজ্যের কাছে। গত কয়েকমাস ধরেই প্রাপ্য বকেয়া নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছিল। জানা গিয়েছে, আগামী জুন মাসে এই বরাদ্দ টাকার প্রথম কিস্তি দেবে নয়াদিল্লি।
উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নিয়ে এখন বিদ্ধ রাজ্য। এই দুর্নীতিতে রাজ্য সরকারের অনেক নেতার নাম জড়িয়েছে। এই নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অনেক বিজেপি নেতা কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন। নিয়োগ দুর্নীতিকে হাতিয়ার করে কেন্দ্রকে টাকা না দেওাএ আর্জি জানানো হয়েছে। এর সমালোচনা করে আবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে “কেউ কেউ বাংলার খেয়ে বাংলারই সমালোচনা করেন”।





