তবে কি এবার নিশ্চিত ভাবেই বিজেপির দিকে পা বাড়াচ্ছেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী? সম্প্রতি পূর্ব মেদিনীপুরে নতুন জেলা কমিটি ঘোষণা করেছে তৃণমূল এবং সেখানে আশ্চর্যজনকভাবে নাম নেই শুভেন্দু অধিকারীর! এই নতুন কমিটিতে চেয়ারম্যান এবং সভাপতির পদ পেয়েছেন শুভেন্দু বাবুর বাবা শিশির অধিকারী! মুখপাত্র হয়েছেন মধুরিমা মন্ডল।
তৃণমূলের তরফ থেকে মূলত গঠন করা হয়েছে জেলা, ব্লক এবং যুব কমিটি। নতুন কমিটিতে জেলা সহ-সভাপতি হয়ে এসেছেন ১৮ জন। সম্পাদক পদে রয়েছে ৪ জন এবং সহ-সম্পাদক পদে রয়েছে ২১ জন। এছাড়াও এই কমিটিতে ৭ জন সদস্য রয়েছেন এবং থাকছেন একজন কোষাধ্যক্ষ। এছাড়াও ৩০ টি ব্লক সভাপতির নামও ঘোষণা করা হয়েছে।
কিন্তু আশ্চর্যজনক ভাবে এখানে কোথাও শুভেন্দু অধিকারীর নাম নেই যদিও এর আগের কমিটিতেও তার নাম ছিল না কিন্তু একুশের নির্বাচনের আগে নতুনভাবে দল ঢেলে সাজানোয় কোথাও গিয়ে আশা করা হয়েছিল যে হয়তো শুভেন্দু অধিকারীর নাম থাকবে। কিন্তু তার নাম উল্লেখ কোথাও না থাকায় বর্তমানে তাকে নিয়ে জল্পনা চলছে তা নিশ্চিতভাবে সত্যি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
অনেকেই বলছেন আর মাত্র কয়েকটা দিন তারপর এই ঘাসফুল ছেড়ে পদ্মফুল শিবিরে দেখা যাবে পূর্ব মেদিনীপুরের এই দাপুটে তৃণমূল নেতা কে।





