তৃণমূলের এখন একটাই লক্ষ্য, তা হল ২০২৪-এর লোকসভা নির্বাচন। এই কারণে বেশ কোমর বেঁধে ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। দসলের নেতা-মন্ত্রীরাও আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন অন্যান্য রাজ্যেও সংগঠন গড়ে তোলার জন্য। এবারের সংসদের শীতকালীন অধিবেশনে উপস্থিত ছিলেন মিমি চক্রবর্তী, নুসরত জাহানের মতো সাংসদরা।
আজ, মঙ্গলবার সকালেই দিল্লি গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অধিবেশনের বাকি দিনে তৃণমূলের গতিপ্রকৃতি কী হবে, তা নিয়ে আলোচনার জন্য এদিন একটি বৈঠক ডাকেন তিনি। কিন্তু এদিনের এই বৈঠকে অনুপস্থিত ছিলেন মিমি-নুসরত।
দলের নির্দেশ না মেনে যাঁরা অভিষেকের এই বৈঠকে হাজির ছিলেন না তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকাতেই নাম রয়েছে দুই তারকা সংসদ মিমি চক্রবর্তী ও নুসরত জাহানের। দলীয় সূত্রে খবর, দুই অভিনেত্রীর ওপর অভিষেক বেশ ক্ষুব্ধ হয়েছেন। তাঁদের অনুপস্থিতির কারণও জানতেও চেয়েছেন তিনি। দলের তরফে দু’জনকেই শো-কজ করা হয়েছে।
সূত্রের কগব্র অনুযায়ী, মিমি আপাতত শুটিংয়ের জন্য রাজস্থানে রয়েছে। তাই এই বৈঠকে যোগ দিতে পারেন নি তিনি। তবে নুসরতের অনুপস্থিতির কারণ এখনও জানা যায়নি।
বলে রাখি, শীতকালীন অধিবেশনের শুরুতেও বিরোধী নেতা শশী থারুরের সঙ্গে সেলফি তুলে বিতর্কের জন্ম দিয়েছিলেন মিমি ও নুসরত। আর এবার তাদের উপর রেগে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দল যে নুসরত আর মিমির ওপর ক্ষুদ্ধ, সে বার্তাও তাঁদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।






