যা শুরু হয়েছে তাতে ২ মাসের মধ্যে তৃণমূল কংগ্রেস আর থাকবে না, বক্তব্য খোদ তৃণমূল সভাপতির

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandopadhyay) অমানবিক মুখ্যমন্ত্রী বক্তব্যের পর ফের ঝড় তুললেন এক তৃণমূল কংগ্রেস সভাপতি। আর মাত্র দু’মাস তারপরেই তৃণমূলের অস্তিত্ব থাকবেনা বলে বিতর্কিত মন্তব্য করলেন তিনি।

আর এই মন্তব্যকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে নেমে পড়েছে রাজ্য বিজেপি। বক্তব্যের প্রেক্ষাপট হিসেবে ফের প্রকাশ্যে উঠে এসেছে উত্তর ২৪ পরগনার খড়দহে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের ছবি। বোমাবাজি হয় ব্যাপকহারে। আর এই ঘটনায় ফের নাম জড়িয়েছে শাসকদলের। গতকাল অর্থাৎ বুধবার রাতে পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর দোলা দাসের (Dola Das) বাড়ির সামনে শুরু হয় ব্যাপক হারে বোমাবাজি। আর এই ঘটনার পরই পুরসভার প্রশাসক কাজল সিনহার (Kajal Sinha) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন টাউন তৃণমূল সভাপতি সুকণ্ঠ বণিক (Sukantho Banik)।

দোলা দেবী সুকণ্ঠ বাবুর অনুগামী। আর তাই দোলা দেবীর বাড়ির সামনে বোমাবাজিতে ক্ষোভ উগরে দিয়েছেন সুকণ্ঠবাবু। তিনি বলেন, ‘কাজল সিনহার নেতৃত্বে তাঁর অনুগামীরা খড়দায় সন্ত্রাস কায়েম করতে চাইছে। মহিলাদের পুরসভায় ডেকে হুমকি দিচ্ছেন পুর প্রশাসক। মহিলাদের নানা ভাবে অসম্মান করা হচ্ছে। এসব চলতে থাকলে ২ মাসের মধ্যে খড়দায় তৃণমূল কংগ্রেস বলে কিছু অবশিষ্ট থাকবে না।’

বিদায়ী কাউন্সিলর দোলা দাসের বক্তব্য, সম্প্রতি তাঁর দেওরের সঙ্গে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ হয়। তার জেরে ভয় দেখাতে বুধবার রাতে বাড়ির সামনে পেটো ছোড়ে তৃণমূল পুরসভার প্রশাসক কাজল সিনহার অনুগামীরা। অকথ্য গালিগালাজও করা হয়। ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছয় খড়দহ থানার পুলিশ। তবে এখনও পুলিশের হাতে অধরা অভিযুক্তরা।

RELATED Articles

Leave a Comment