স্বাধীনতা সংগ্রামী মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে বেফাঁস মন্তব্য করে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন তিনি। আর এতেই বঙ্গ রাজনীতিতে কার্যত শোরগোল পড়ে গিয়েছে।
এমন ভুল মন্তব্য করার জন্য প্রধানমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে বলে তোপ দেগেছে তৃণমূল। এই বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ শানিয়েছেন বাম চেয়ারম্যান বিমান বসু। এদিন বিমানবাবু বলেন, “আরএসএস অনুসরণ করলে এমনই হবে”।
মেদিনীপুরের মাতঙ্গিনী হাজরাকে অসমের বলে উল্লেখ করায় বেশ চটেছে রাজ্যের শাসক দল। এই ঘটনাকে বাংলার অপমান বলে উল্লেখ করে প্রধানমন্ত্রীকে অবিলম্বে ক্ষমা চাওয়ার দাবী তোলা হয়েছে শাসকলের তরফে।
এই বিষয়ে তোপ দেগে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মাতঙ্গিনী হাজরা অসমের? প্রধানমন্ত্রী কি পাগল হয়ে গেলেন? নিজে তো জানেন না। আবেগও নেই তাঁর মধ্যে। অন্যের লিখে দেওয়া ভাষণ পড়ে নাটক করতে গেলে এই তো হবে। এটা বাংলার প্রতি অপমান। প্রধানমন্ত্রী ক্ষমা চান। ওঁদের পূর্ব মেদিনীপুরের গদ্দারও ক্ষমা চেয়ে বিবৃতি দিন”।
এদিকে আবার প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ‘ছোটো ঘটনা’ বলে উল্লেখ করেছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, “প্রধানমন্ত্রী সমগ্র দেশ নিয়ে বলছেন। দেশে হাজার হাজার স্বাধীনতা সংগ্রামী। সেই আবহে একটা ভুল হয়েছে। ছোট খাটো এরকম ধরণের ভুল হতেই পারে। এটা এমন কোনও বড় ঘটনা নয়”। দিলীপবাবুর পাল্টা প্রশ্ন, যাঁরা এই ভুলের জন্য এত কষ্ট পাচ্ছেন, তাঁরা মাতঙ্গিনী হাজরার জন্য কী করেছেন?






