অভিনব কায়দায় মাদক পাচারের চেষ্টা। কলকাতা পুলিশের এসটিএফের তৎপরতায় প্রায় ১৪ কেজি মাদক সহ গ্রেফতার হল ৪ পাচারকারী। পুলিশ জানিয়েছে, ধৃতদের মধ্যে একজন মালদহের কালিয়াচকের তৃণমূলের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান আতিউর রহমান ওরফে মনোজ (৪৩)। উদ্ধার হওয়া মাদক আসলে ইয়াবা। যার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি।
গোয়েন্দা সূত্রে খবর, আগে থেকেই কলকাতায় মাদক পাচারের খবর ছিল গোয়েন্দাদের কাছে। তাঁরা এটা জানতেন যে, ওই মাদক রয়েছে কোনও এক প্রাইভেট গাড়ীর মধ্যে। সেইমত নজরদারি চালিয়ে ময়দান থানা এলাকায় সৈয়দ বাবা মাজারের কাছে দাঁড় করানো হয় দুটি গাড়ি। যার মধ্যে একটি গাড়িতে ছিল ফকির আহমেদ ওরফে ফখরুদ্দিন (৩২) ও জিয়াউর রহমান ওরফে জায়দুর নামে দুই মণিপুরী ব্যক্তি। অপর গাড়িটিতে ছিল আমিরুল শেখ (৩৪) ও আতিউর রহমান ওরফে মনোজ (৪৩) নামে কালিয়াচকের দুই বাসিন্দা। প্রাথমিক পর্যায়ে ওই গাড়িতে তল্লাশি চালালেও সন্ধান পাওয়া যায়নি মাদকের। এরপর গাড়ির দরজায় ফাঁপা অংশের মধ্য থেকে উদ্ধার হয় ইয়াবা মাদক।
গোয়েন্দাদের অনুমান, ওই মাদক মণিপুর থেকে আমদানি করে মালদহের আমিরুল ও আতিফের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কালিয়াচক সীমান্ত পেরিয়ে তা বাংলাদেশে পাচারের ছক ছিল পাচারকারীদের।






