চাকরির নাম করে টাকা নেওয়া আর শেষমেশ চাকরি না দেওয়া, এমন অভিযোগ তৃণমূল নেতাদের বিরুদ্ধে আগেও উঠেছে। গত প্রায় দু’বছর ধরে রাজ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে তরজা। এবার ফের একবার তেমনই অভিযোগ উঠল এক তৃণমূল নেতার বিরুদ্ধে। চাকরি দেওয়ার নামে টাকা দিয়ে আর চাকরি দেন নি ওই নেতা। অভিযুক্তকে গ্রেফতারের দাবী জানাল বিজেপি।
কী ঘটেছে ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে বীরভূমে। জানা গিয়েছে, বীরভূমের সাঁইথিয়ার মাঠপলশা পঞ্চায়েতের বাসিন্দা আসাদুর জামান। তিনি তৃণমূলের সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতি। অভিযোগ, এই আসাদুর জামান দেবব্রত ঘোষ নামে এক ব্যক্তিকে চাকরি দেওয়ার নাম করে ১১ লক্ষ টাকা নিয়েছিলেন। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সাঁইথিয়া থানায় অভিযোগ দায়ের দেবব্রত।
দেবব্রতবাবু জানান, “আমাকে স্বাস্থ্য ভবনে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন। এক মিডলম্যানকে ৬ লক্ষ ও অন্য মিডলম্যানকে ৫ লক্ষ টাকা দিয়েছি। কিন্তু চাকরি হয়নি। মাত্র পঞ্চাশ হাজার টাকা ফেরত দিয়েছে। তারপর বাকিটা চাইলেই বলছে যা পারো করে নাও”। এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্তর কোনও প্রতিক্রিয়া মেলেনি।
তবে এই ঘটনাকে কেন্দ্র তৃণমূলকে কটাক্ষ করতে শুরু করেছে বিজেপি। বিজেপির বীরভূম সাংগঠনিক জেলার বিজেপির ধ্রুব সাহা ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবী তুলেছেন। তিনি বলেন, “তৃণমূল মানেই জালি দল। তাই উনি চিটিংবাজ হবেই। এটা স্বাভাবিক”।
অন্যদিকে, এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় বলেন, “খবরটা শুনেছি। ব্লক সভাপতি দেখেছেন। যদি সত্যিই এমন ঘটনা ঘটে, দল ব্যবস্থা নেবে। পাশে দাঁড়াবে না”।





