নাবালিকাকে যৌ’ন হেনস্থা করার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এরপরই দল থেকে বহিষ্কার করা হয় ওই তৃণমূল নেতাকে। এই গোটা ঘটনায় ইতিমধ্যেই পকসো আইনে মামলা রুজু করা হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানা এলাকায়। সেখানকার স্থানীয় এক গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান ও সদ্য প্রাক্তন অঞ্চল সভাপতির বিরুদ্ধে নাবালিকাকে যৌ’ন হেনস্থার অভিযোগ উঠেছে। রবিবার বাগদা থানায় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় নাবালিকার পরিবারের পক্ষ থেকে।
নাবালিকার পরিবারের থেকে লিখিত অভিযোগ পেয়ে পকসো আইনে মামলা রুজু করে পুলিশ। বাগদা থানার পুলিশ অভিযুক্তর খোঁজে তল্লাশি শুরু করেছে। অন্যদিকে, পুলিশ অভিযুক্তর বাড়িতে গেলেও তাঁর খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে।
এই ঘটনা প্রসঙ্গে বাগদা পশ্চিম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অঘোর চন্দ্র হালদার বলেন, “২০২২ সালের ডিসেম্বর মাসের ২৯ তারিখে দলীয় আঞ্চলিক সভাপতি পদ থেকে অভিযুক্তকে সরিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে দলীয় সব রকম কর্মসূচিতে তাঁকে অংশগ্রহণ করতে নিষেধাজ্ঞ জারি করা হয়েছে । ব্যক্তিগতভাবে তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা দল কোনও ভাবেই সমর্থন করে না। আইন আইনের পথে চলবে”।
অন্যদিকে, এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। বিজেপি নেতা শিশির হালদার জানান অভিযুক্ত ব্যক্তি আঞ্চলিক সভাপতি হিসেবে দলের সঙ্গে কাজ করেই চলছিল। এই ঘটনা জানাজানি হওয়ার পর বহিষ্কার করা হয়েছে তাকে।





