পুরভোটের আগেই শাসক দলে ভাঙন: বিজেপিতে যোগদান মতুয়া সঙ্ঘ তথা শাসক দলের প্রভাবশালী নেতার

পুরভোটের আগেই বড়সড় ধাক্কা খেল শাসক শিবির। শুক্রবার নবদ্বীপের তৃণমূল নেতা গোপাল মন্ডল, যিনি মতুয়া সঙ্ঘেরও নেতা বিজেপিতে যোগ দিলেন। এর ফলে শাসক দলের রক্তচাপ একধাপ বাড়ল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। নাগরিকত্ব আইনকে সমর্থনে ও নবদ্বীপ শহরে তৃণমূলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন এই প্রাক্তন তৃণমূল নেতা। পুরভোটের আগেই তৃণমূল শিবিরে এই ভাঙন নবদ্বীপের তৃণমূলের চিন্তা বাড়িয়েছে এবং নবদ্বীপে বিজেপির উত্থান আরও সহজ হল বলেই মনে করছে রাজনৈতিক ব্যক্তিত্বরা। এইদিন বিজেপি নবদ্বীপ শহর দক্ষিণ মণ্ডলের কনভেনর শশধর নন্দী ও জেলা নেতৃত্বের উপস্থিতিতে গোপাল মন্ডল বিজেপিতে যোগদান করেন। বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছিল যে তিনি বিজেপিতে যোগ দেবেন। শুক্রবার সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি বিজেপিতে যোগ দিলেন।

তার এই যোগদান পর্বে গেরুয়া শিবির নবদ্বীপ অঞ্চলে পুরভোটের আগে নতুন করে অক্সিজেন পেলো। তিনি এও দাবি করেছেন যে, নবদ্বীপ পুরসভা এবার বিজেপির দখলে আসা সময়ের অপেক্ষা মাত্র। এদিকে গত লোকসভা ভোটে রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি বড় ব্যবধানে জয়লাভ করে। নবদ্বীপ পুরসভা এই লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে। এবার পুরভোটের ফলাফলের দিকেই তাকিয়ে দুই শিবির।

RELATED Articles

Leave a Comment