পঞ্চায়েত ভোটে তৃণমূলের টিকিটে জিতেছিলেন। কিন্তু রাতারাতি রাজনৈতিক সমীকরণ পাল্টে গেল সাংসদ দেবের গড় ঘাটালে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের ইড়পালা গ্রাম পঞ্চায়েত দখল করল বিজেপি। লোকসভা ভোটের আগে খুশির হাওয়া গেরুয়া শিবিরে।
পঞ্চায়েত ভোটের শেষে ওই এলাকায় বিজেপি পেয়েছিল ৮টি আসন ও তৃণমূল পেয়েছিল ৭টি আসন। ফলে পঞ্চায়েত বোর্ড গঠন করে বিজেপি। কিন্তু বোর্ড গঠনের পর আচমকাই বিজেপির এক পঞ্চায়েত সদস্য রমা মণ্ডল যোগ দেন তৃণমূলে।
এর জেরে মুহূর্তে পাল্টে যায় রাজনৈতিক সমীকরণ। তৃণমূল পঞ্চায়েত বোর্ড দখল করে নেয়। এবার ফের পাল্টে গেল রাজনৈতিক সমীকরণ। এই ঘটনার একমাসের মধ্যেই তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য দীপক ভট্টাচার্যকে দলে যোগদান করাল বিজেপি।
হঠাৎ কেন এই যোগদান?
সূত্রের খবর, দিন তিনেক আগে দীপক ভট্টাচার্যের ছেলে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। ছেলেকে উদ্ধার করতে দলের সাহায্য় চেয়েছিলেন পঞ্চায়েত সদস্য। কিন্তু অভিযোগ, দল সেভাবে সাহায্য করেনি। উলটে স্থানীয় বিজেপি বিধায়ক শীতল কপাট সাহায্যের হাত বাড়ান। অবশেষে শনিবার হাওড়া থেকে পঞ্চায়েত সদস্যের ছেলেকে উদ্ধার করা হয়।
এরপর লক্ষ্মীপুজোর রাতে বিজেপিতে যোগ দেন দীপক ভট্টাচার্য। জয়ী গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে বিজেপির পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শিতল কপাট। তাতেই খুশির হাওয়া পদ্ম শিবিরে। দীপক বলছেন, “আমার একটা বিপদ হয়েছে। কিন্তু দল আমার পাশে নেই। বারবার প্রতিশ্রুতি দিয়েও মাথার উপর হাত রাখেনি। তাই আমি বিজেপিতে এসেছি। শীতলবাবুর হাত ধরে ওনাদের দলেই যোগ দিয়েছি”।





