‘ধ’র্ষ’ণ হলে প্রমাণ করে দেখান, নাহলে ডাণ্ডা মেরে ঠাণ্ডা করে দেব’, হাঁসখালি ধ’র্ষ’ণকাণ্ড নিয়ে বিতর্কিত মন্তব্য তৃণমূল ব্লক সভাপতির

হাঁসখালি ধ’র্ষ’ণকাণ্ড ও নাবালিকার মৃত্যুর প্রতিবাদে বামেরা মিছিল করে মুর্শিদাবাদের ভগবানগোলায়। সেই মিছিলের নেতাদের আক্রমণ শানাতে গিয়ে এই ধ’র্ষ’ণকাণ্ড নিয়ে একের পর এক বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূলের স্থানীয় ব্লক সভাপতি আফরোজ সরকার।

সেই তৃণমূল ব্লক সভাপতির এই মন্তব্যের ভিডিও এখন তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে খবর ২৪x৭-এর তরফে এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি। এই ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ওই তৃণমূল ব্লক সভাপতির গ্রেফতারির দাবী জানিয়েছে বাম নেতারা।

সিপিএমকে কটাক্ষ করতে ভগবানগোলায় তৃণমূলের ব্লক সভাপতি আফরোজ সরকার একটি ভিডিও বার্তা দেন। সেখানে বামেদের আক্রমণ করে তাঁকে বলতে শোনা যায়, “যদি বেশি বাড়াবাড়ি করে, ঠান্ডা করে দেব। রাজ্য সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বেশি কথা বললে, আমি মাঠে নেমে ডান্ডা মেরে ঠান্ডা করে দেব”।

তিনি এও দাবী তোলেন যে ধ’র্ষ’ণ নিয়ে সিপিএম অকারণেই মিছিল করছে। ভাইরাল এই ভিডিওতে আফরোজকে বলতে শোনা গিয়েছে, “ধর্ষণ হলে প্রমাণ দেখান। এমনি ফালতু ফালতু একটা মিছিল করে দিচ্ছে। মমতাদির নামে উল্টোপাল্টা কথা যদি বেশি বলে, তা হলে কিন্তু আমরা রাস্তায় নামব। একদম ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেব। এমন ঠান্ডা করব, যে বাড়ি থেকে বেরোতে পারবে না”।

তিনি এও জানান যে তৃণমূলের জন্মলগ্ন থেকেই তিনি দলে রয়েছেন। সবসময় ‘দিদি’র পাশে থেকেছেন বলে তাঁর দাবী। তিনি এও জানান যে কোনও পদ পাওয়ার লোভ নেই তাঁর মধ্যে।

এদিকে, ভাইরাল হওয়া এই ভিডিওকে হাতিয়ার করে ময়দানে নেমেছে সিপিএম। আক্রমণ শানানো হয়েছে তৃণমূলকে। এই ঘটনায় রাজ্য সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এরা এতই অনুপ্রাণিত যে ঠিকমতো কথাও বলতে পারছে না। স্থির হয়ে বসতেও পারছে না। মুখ্যমন্ত্রীর উচিত আগে তাঁকে গ্রেফতার করা এবং যথাযত শাস্তির ব্যবস্থা করা। যাতে বোঝা যায়, পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে”।

RELATED Articles