‘বাংলার কোথাও জয় শ্রীরাম বলতে দেব না, বিজেপি জিন্দাবাদ বলতে দেব না’, নিদান তৃণমূল নেতার, ফের বিতর্কের মুখে শাসকদল

লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছে তৃণমূল। বিগত কয়েকমাস ধরে ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে রাজ্যে চাপানউতোর চলছে। কেন্দ্রের বিরুদ্ধে বারবার সুর চড়িয়েছে ঘাসফুল শিবির। বিজেপি আবার পাল্টা তৃণমূলের বিরুদ্ধে চুরির অভিযোগ তুলেছে। এবার এমন আবহে এই ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন তৃণমূল নেতা।

গত শুক্রবার কালনায় সিঙ্গেরকোন এলাকায় দলীয়ভাবে কৃষকসভার ডাক দিয়েছিল তৃণমূল। এই সভায় উপস্থিত ছিলেন এলাকায় তৃণমূল নেতা দেব টুডু। সেখানে বক্তব্য রাখতে গিয়েই তৃণমূল নেতা বলেন যে ১০০ দিনের টাকা যদি না দেওয়া হয়, তাহলে বাংলায় ‘জয় শ্রীরাম’ বলতে দেওয়া হবে না।

কী বলেছেন তৃণমূল নেতা?

এদিনের সভা থেকে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়ে দেব টুডু বলেন, “গরীব মানুষের অধিকার কেড়ে নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। ২ বছর ধরে আমাদের মজুরি দিচ্ছে না। বিজেপির কর্মীরা আমাদের পাড়ায় ঘুরে বেড়াচ্ছে, জয় শ্রী রাম বলছে, আন্দোলন করছে, তাঁদের একবারও বলেছি তোদের সরকার কেন দিচ্ছে না একশো দিনের কাজের টাকা? কেন তাঁদের বলব না এখানে যদি বিজেপি জিন্দাবাদ বলতে হয়, জয় শ্রী রাম বলতে হয় তাহলে গরিব মানুষের কাজের টাকা দিতে হবে। না হলে গোটা বাংলায় কোথাও জয় শ্রী রাম বলতে দেব না, বিজেপি জিন্দাবাদ বলতে দেব না। আমি ভিক্ষা চাইছি না। আমি কাজ করেছি তাই টাকা চাইছি”।

তৃণমূল নেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই তুমুল শোরগোল শুরু হয়েছে। বিতর্কে জড়িয়েছেন তৃণমূল নেতা। এর জেরে বেশ অস্বস্তিতে পড়েছে শাসক দল তৃণমূলও। আর এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে বিজেপি।

কী প্রতিক্রিয়া বিজেপির?

তৃণমূল নেতার এহেন মন্তব্যের জেরে তাঁকে ‘পাগল’ বলে কটাক্ষ করেছেন পূর্ব বর্ধমানের জেলা বিজেপির সহ সভাপতি সুভাষ পাল। তিনি বলেন, “এটা হচ্ছে গরু চোরের দল। আর ও একটা ছাগল নেতা। বাংলায় ২ কোটি জব কার্ড বাতিল হল কেন? দেড় কোটি রেশন কার্ড বাতিল হল কেন? এই টাকা কোথায় যেত? জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হল কেন? আসলে পাগলে কি না বলে, ছাগলে কি না খায়। দেবু একটা পাগল”।

RELATED Articles