ধারা অব্যাহত! তৃণমূলের সভামঞ্চেই দলত্যাগ করলেন তৃণমূল নেতা! দাঁড়িয়ে দেখলেন মদন

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে উইকেটের ক্রমাগত পতন হয়েই চলেছে তৃণমূলে। ইতিমধ্যেই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে ‘বিদ্রোহী’ হয়ে উঠেছেন বহু নেতা-মন্ত্রী। শুভেন্দু দেখানো পথকে অনুসরণ করে নিত্য দল ছাড়ছেন তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রী। আর যার জেরে বিধানসভা নির্বাচনের আগে যথেষ্টই ব্যাকফুটে রয়েছে রাজ্যের বর্তমান শাসকদল।

কেউ সোশ্যাল মিডিয়ায় তো আবার কেউ সংবাদমাধ্যমের সামনে দলবিরোধী মন্তব্য করে ঘাসফুল শিবিরের উপর চাপ সৃষ্টি করেছেন। তবে সেই সবের কোন কিছু না করেই দল ছাড়লেন নৈহাটি শহর যুব তৃণমূলের সভাপতি সনৎ দে। দলের ঘাড়ে দোষ না চাপিয়ে পুলিশের উপর দোষ দিয়ে প্রকাশ্য সভামঞ্চ থেকে পদ থেকে ইস্তফা দিলেন তিনি। পরে যদিও ইস্তফার কারণ হিসাবে নিজের শারীরিক অসুস্থতাকেই তুলে ধরেছেন এই তৃণমূলী নেতা।

প্রসঙ্গত, বুধবার সন্ধ্যায় নৈহাটিতে একটি সভা ছিল মদন মিত্রের। সেখানেই উপস্থিত ছিলেন নৈহাটি শহর যুব তৃণমূল সভাপতি সনৎ দে। মদন মিত্র সভাস্থলে পৌঁছনোর আগে মঞ্চে বক্তৃতা দিতে ওঠেন তিনি। ওই সভামঞ্চ থেকে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি বলেন, “আমার উপর আটবার হামলা চালানো হয়। প্রত্যেকবার থানায় অভিযোগ জানিয়েছি। তবে পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। একটা অফিসকে কেন্দ্র করে বোমাবাজি হচ্ছে। তদন্ত আটকে রেখেছে পুলিশ। রিটার্ন টিকিট আমি কেটে নিয়ে এসেছি।” নিজের এহেন বক্তব্য রাখার পর‌ই পদত্যাগ করার কথা প্রকাশ্যে ঘোষণা করেন তিনি।

তবে মঞ্চ থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হতেই সুরবদল করেন সনৎ দে। 

নিজের পদত্যাগের কারণ হিসেবে বয়সজনিত এবং অসুস্থতাকে কারণ হিসাবে উল্লেখ করেন। জানান, “আমার বয়স হয়ে গিয়েছে। শারীরিক অবস্থাও বিশেষ ভাল নয়। ডায়াবেটিস-সহ নানা রোগে ভুগছি। তাই আমাকে রেহাই দেওয়ার আবেদন দলের কাছে জানালাম।”

তাঁর এই পদত্যাগের পর কি বলছেন তৃণমূল নেতা মদন মিত্র?

এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই সভাস্থলে পৌঁছন মদন বাবু। তৃণমূলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত সনৎ দে’র ইস্তফার সিদ্ধান্তের কথা শোনেন। তারপরই শুভেন্দু অধিকারীর দলবদলের প্রসঙ্গ টেনে সনৎ দে’র প্রশংসা করেন মদন। তিনি বলেন, “মঞ্চ থেকে পদত্যাগ করেছেন সনৎ। এটা ইমানদারি, শুভেন্দুর মতো বেইমানি নয়। অনেকদিন ধরেই পদ ছাড়ার কথা বলছে। কিন্তু ও দলের সঙ্গেই আছে। ও বলেনি আমি দল ছেড়ে দেব। ও বলছে আমি যুব’র সভাপতি পদ ছেড়ে দেব। আমরা এ নিয়ে দলের মধ্যে আলোচনা করছি।”

আরও অন্যান্য খবর