সামনেই লোকসভা নির্বাচন। ভোট যত এগিয়ে আসছে, ততই যেন শাসক দল তৃণমূলের মধ্যেকার গোষ্ঠীকোন্দল আরও প্রকট হচ্ছে। এবার দলের নেতাদের একাংশের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দিলেন অন্ডাল ব্লক তৃণমূল সভাপতি কলেবর মণ্ডল। দলের নেতাদের একাংশকে ‘চোর’ বললেন তিনি।
কেন এমন বললেন তৃণমূল নেতা?
পশ্চিম বর্ধমান জেলার অন্ডালে কাজী নজরুল ইসলাম বিমানবন্দরের পাশেই তৈরি হচ্ছে বিমান নগরী। বেঙ্গল অ্যারোট্রোপলিস প্রজেক্ট লিমিটেডের উদ্যোগে হচ্ছে এই প্রকল্প। কিন্তু অভিযোগ, সেই বিমান নগরী তৈরিতে স্থানীয় বাসিন্দাদেরই কাজ দেওয়া হচ্ছে না। বহিরাগতরা কাজ পাচ্ছেন এখানে এমনটাই দাবী কলেবর মণ্ডলের।
তৃণমূল নেতার কথায়, “এর পিছনে মদত রয়েছে দলেরই নেতাদের। টাকা নিয়ে কোনও নেতা কাজ দিলে সেটা প্রমাণ করা যায় না ঠিকই। তবে চোরকে চোরই বলা হয়”। কলেবর মণ্ডলের প্রশ্ন, “কোনও পরিচয় পত্র ছাড়া কীভাবে বাইরের লোক কাজে ঢুকছে”?
এদিন যখন তৃণমূল ব্লক সভাপতি মঞ্চে দাঁড়িয়ে দলের একাংশকে চোর বলে মন্তব্য করছেন, সেই সময় সেখানে তাঁর পাশেই বসেছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক, শ্রমিক সংগঠনের নেতা প্রভাত চট্টোপাধ্যায়, তৃণমূল নেতা কৌশিক মণ্ডল ও জেলা নেতৃত্বের আরও অনেকে।
এই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক বলেন, “স্থানীয়রা যাতে কাজ পায় সেই ব্যবস্থা করছে শ্রমিক সংগঠন। খুব শীঘ্রই তৃণমূল শ্রমিক সংগঠনের নতুন কমিটি ঘোষণা করা হবে। সেই কমিটির এলাকার জন্য কাজ করবে”।
তবে শাসক দলের এই গোষ্ঠীকোন্দলকে হাতিয়ার করে মাঠে নেমে পড়েছে বিরোধী দল। এই বিষয়ে আসানসোল সাংগঠনিক জেলার বিজেপির সম্পাদক শ্রীদীপ চট্টোপাধ্যায় বলেন, “যত লোকসভা নির্বাচনের দিন এগোচ্ছে ততই প্রখর হচ্ছে, ততই তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব প্রকাশ্যে আসছে”।





