এখনও মাঘ মাস শেষ হয়নি। মাঘের শুরুটা যেভাবে হয়েছিল, শেষটা তার একেবারেই উল্টো। মাঘের প্রথমের দিকে হাড়কাঁপানো ঠাণ্ডায় জবুথবু অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। কিন্তু মাঘের শেষবেলা আস্তেইও এবার রীতিমতো ঘাম ঝরতে শুরু করে রাজ্যবাসীর। এরই মধ্যে এবার পূর্বাভাস বৃষ্টির।
শীতের পরই আসে বসন্ত ঋতু। বসন্তের পরশে মন আরও রঙিন হয়ে ওঠে সকলের। কিন্তু বঙ্গে ঘটছে উল্টো ঘটনা। শীতের শেষে বসন্ত নয়, বরং ফিরছে বর্ষা। বাংলায় একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যেই কুড়ির কোঠায়। তা আরও বাড়বে। তিলোত্তমায় তেমন বৃষ্টি না হলেও আগামী ২ দিন মেঘলা থাকবে শহরের আকাশ।
আজ, সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি। গতকাল, রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস যা অবশ্য স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সোমবারও দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির বেশি হবে না বলেই অনুমান আবহবিদদের।
কোথায় কোথায় হবে বৃষ্টি?
পরপর পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় শীতের দাপট কমেছে। উত্তুরে হাওয়া ঢুকছেই না। এর জেরে বেড়েছে তাপমাত্রা। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই সম্প্রতি দিল্লিতে বৃষ্টি হয়েছে। আর সেই পশ্চিমী ঝঞ্ঝার কারণেই এবার এ রাজ্যেও হবে বৃষ্টি। হাওয়া অফিস সূত্রে খবর, আজ, সোমবার রাজ্যের চার জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূমে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আগামীকালও বৃষ্টির পূর্বাভাস
আগামীকাল, মঙ্গলবারও আরও তিনটি জেলায় হবে বৃষ্টি। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে শুকনো আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।
উত্তরবঙ্গের আবহাওয়ার কী খবর?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আজ, সোমবার দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টির সঙ্গে তুষারপাতও হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল, মঙ্গলবার দার্জিলিং ও কালিম্পং ছাড়া আর কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই বলে জানাচ্ছে হাওয়া অফিস।





