রাজনীতির ময়দানে শীলভদ্র দত্ত বরাবরই মুকুল রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত৷ ইতিমধ্যেই শীলভদ্র জানিয়ে দিয়েছেন আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না৷ তৃণমূলের এই নেতার সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগের কথা জানিয়ে এ দিন সেই জল্পনা আরও বাড়িয়েছেন মুকুল রায়৷
সূত্র মারফত খবর, এ দিন মুকুল রায়ের সল্টলেকের বাড়িতে যান শীলভদ্র দত্ত৷ যদিও সেকথা অস্বীকার করেছেন মুকুল৷ তবে ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, ‘ও তো রোজ আসে, আজও এসেছে, এ আর নতুন কী!’
মুকুল রায় অবশ্য আজ দাবি করেছেন, এ দিন শীলভদ্র দত্ত তাঁর বাড়িতে যাননি৷ তবে তিনি বিজেপি-তে থাকাকালীনও তাঁর সঙ্গে ব্যারাকপুরের তৃণমূল বিধায়কের নিয়মিত যোগাযোগ রয়েছে, সেকথাও জোর গলায় জানিয়েছেন মুকুল৷ বিজেপি নেতা অস্বীকার করলেও, শীলভদ্র দত্ত এ দিনও তাঁর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন বলে দাবি করছে সূত্র।
গত মাসেই তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোর ও শাসক দল তৃণমূল-এর কাজকর্ম নিয়ে সরব হল শীলভদ্র দত্ত৷ জানিয়ে দেন, তিনি আগামী বিধানসভা নির্বাচনে লড়বেন না৷ দলে কোণঠাসা হয়ে পড়ে এমনিতেই ক্ষুব্ধ ছিলেন শীলভদ্র৷ কয়েকদিন আগে শীলভদ্র দত্তের মান ভাঙাতে তাঁর সঙ্গে দেখা করতে যান টিম পিকে-র দুই সদস্য৷ কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন শীলভদ্র৷ ওই দিনই সন্ধ্যায় তাঁর বাড়িতে যান খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ কিন্তু অপেক্ষা করেও বাড়িতে না থাকায় ব্যারাকপুরের বিধায়কের দেখা পাননি তিনি৷





