শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন সিউড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সন! বীরভূমের রাজনীতিতে ছড়াচ্ছে গুঞ্জন

ভোটের ঠিক মুখে মুখে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদ ছাড়লেন সিউড়ি পুরসভার প্রশাসক মণ্ডলীর বর্তমান চেয়ারপার্সন উজ্জ্বল চট্টোপাধ্যায়। তাঁর বদলে চেয়ারপার্সন পদে নিযুক্ত হলেন প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য প্রনব কর।

২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিউড়ি পুরসভার চেয়ারম্যান ছিলেন উজ্জ্বল বাবু। তবে তিনি জানিয়েছেন অনুব্রত মণ্ডল কে চিঠি লিখে তার পদত্যাগের কথা জানিয়েছেন, কারণ শারীরিক অসুস্থতার জন্য তিনি নাকি সময় দিতে পারছিলেন না সিউড়ি পুরসভায়। সেইমতো নগর উন্নয়ন দপ্তর থেকে চিঠি আছে প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য প্রনব করকে চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব দেওয়ার। সেইমতো আজ দায়িত্ব বুঝে নেন প্রণব কর। তবে আপাতত প্রশাসক মন্ডলীতেই থাকছেন উজ্জ্বল বাবু।  কিন্তু, ভবিষ্যতে কতদূর তিনি এই পদে থাকবেন তা ভেবে দেখবেন বলে জানিয়েছেন।

নতুন চেয়ারপার্সন প্রণব কর সিউড়ী পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর পুরসভা পরিচালনার জন্য চার সদস্যের প্রশাসক মন্ডলী গঠন করা হয়। এতদিন যাবৎ সব ঠিক ঠাক চললেও উজ্জ্বল চট্টোপাধ্যায়কে পরিবর্তন করে প্রণববাবুকে দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পরিবর্তন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে জল্পনা। অবশ্য পুরসভা সুত্রে জানা গিয়েছে চার সদস্যের প্রশাসক মন্ডলীর অন্যতম সদস্য থাকছেন উজ্জ্বল চট্টোপাধ্যায়। উজ্জ্বল চট্টোপাধ্যায় ২০০০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত তৃনমুলের হয়ে দাঁড়িয়ে বিভিন্ন ওয়ার্ডে জয়ী হয়ে কাউন্সিলার ছিলেন।

RELATED Articles