আজ বাদে কাল ২১শে জুলাই। জোরকদমে প্রস্তুতি নেওয়া হচ্ছে ঘাসফুল শিবিরের তরফে। এরই মধ্যে একুশের জুলাইয়ের মঞ্চ বাঁধা নিয়ে শুরু হল বিতর্ক। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের গেটের সামনে একুশে জুলাইয়ের মঞ্চ তৈরি করা হয়েছে।
সেন্ট্রাল অ্যাভিনিউ দিয়ে যদি কলকাতা মেডিক্যাল কলেজে ঢুকতে হয় তাহলে ৬ নম্বর গেট দিয়েই প্রবেশ করতে হয় কারণে সেটিই মূল প্রবেশ পথ। আর সেই গেটের সামনেই একুশে জুলাইয়ের মঞ্চ বাঁধল তৃণমূল। এর জেরে বিতর্কের মুখে আইএনটিটিইউসি নেতা। তাঁর অবশ্য বক্তব্য, এই মঞ্চ তৈরি করার অনুমতি পুলিশই দিয়েছে।
কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৬ নম্বর গেট দিয়ে ঢুকলেই রিজিওন্যাল ইন্সস্টিটিউট অব থার্মালজি মাদার অ্যান্ড চাইল্ড হাব। সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে ঢোকার মূল প্রবেশ পথ। আর সেই গেটের সামনেই বাঁধা হয়েছে মঞ্চ যা নিয়ে ছড়িয়েছে তুমুল বিতর্ক।
কিন্তু হাসপাতালের সামনে রাজনৈতিক মঞ্চ কেন?
এই বিষয়ে এক সংবাদমাধ্যমের তরফে প্রশ্ন করা হয় আইএনটিটিইউসি নেতা অসীম ধরকে। তিনিই পুলিশের অনুমতিপত্র দেখিয়ে জানান যে পুলিশের অনুমতি নিয়েই তৈরি করা হয়েছে মঞ্চ। দেখা গিয়েছে, ওই অনুমতিপত্রে স্ট্যাম্প রয়েছে মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ি ও বউবাজার থানার।
আইএনটিটিইউসি নেতা জানিয়েছেন, ২টোয় সভা শেষ হবে। আর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এই মঞ্চ খুলে নেওয়া হবে। কিন্তু প্রশ্ন হল, হাসপাতালের সামনে কেন কোনও রাজনৈতিক মঞ্চ তৈরি করা হবে? আর এতে পুলিশ অনুমতি দিলই বা কীভাবে? হাসপাতাল কর্তৃপক্ষই বা কেন কোনও বিরোধিতা করল না, তা নিয়েও প্রশ্ন থেকেই যায়।





