মাটিতে বসে হারমোনিয়ামের সঙ্গে সুর মিলিয়ে গাইলেন, “রঘুপতি রাঘব রাজা রাম”। এভাবেই আজকের দিনটার শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। রামের পুজোও করলেন এদিন তিনি। একদিকে যখন রামমন্দির উদ্বোধনের দিন সংহতি যাত্রা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সময় তাঁরই দলের নেতা মজে রয়েছেন রাম বন্দনায়।
আজ ২২ জানুয়ারি, ২০২৪। ভারতের ইতিহাসে এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে বৈ কী! এদিনই তো ৫০০ বছর বনবাস কাটিয়ে ফের নিজের জন্মভূমিতে ফিরলেন শ্রীরাম। এদিনের এই উদ্বোধন নিয়ে দেশবাসী তো বটেই বিদেশের মাটিতেও দেখা যায় চরম উন্মাদনা। এরই মধ্যে এবার রাম ভজন শোনা গেল তৃণমূল নেতার গলায়।
তবে এই রাম বন্দনা নিয়ে অন্য দৃষ্টিভঙ্গি পোষণ করেন তৃণমূল নেতা। গৌতম দেবের কথায়, রাম সবার। রামের পুজো মানে রামসীতার পুজো। রাম ভজন মানে ‘জয় শ্রী রাম’ নয়, ‘রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম’ গেয়ে উঠলেন তৃণমূল নেতা। তাঁর রামপুজো আক্ষরিক অর্থে গুরুত্বপূর্ণ তবে তা একেবারেই রাজনৈতিক নয়।
কী বললেন গৌতম দেব?
এদিন তাঁর এই রাম বন্দনা নুয়ে গৌতম দেব বলেন, “জাতির পিতা মহাত্মা গান্ধীর খুবই প্রিয় ভজন। তিনি এটি সারা দেশের সমস্ত জায়গায় গেয়েছেন। সর্ব ধর্ম সমন্বয়ের লক্ষ্যেই তাঁর এই ভজন। ইশ্বর-আল্লাহ তেরে নাম। আমাদের দেশে সীতারামই পূজিত হন। কিন্তু এখন শুধু শুনি জয় শ্রী রাম। কিন্তু সীতা কেন উচ্চারিত হয় না? সীতা মায়ের পুজো সমভাবে হোক, এটাই কাম্য”।
তিনি আরও বলেন, “আমি কোনও ভোটের রাজনৈতিক কথা বলব না। রামায়ন আমাদের সবার”। আর এরপর কথা বলতে বলতেই ফের বেজে উঠল হারমোনিয়াম। সঙ্গে তৃণমূল নেতা গাইলেন, “রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতা রাম”।






