কিছু টাকার জন্য নিজের সবথেকে কাছের আপনজনকে বিক্রি করে দিতে দু’বারও ভাবেন নি ব্যক্তি। কাশ্মীরে বেচে দিয়েছিলেন নিজের স্ত্রী ও সন্তানকে। এরপর কেটে গিয়েছে প্রায় ২৪ বছর। অবশেষে কোনওরকমে সেখান থেকে পালিয়ে বাড়ি ফিরলেন মহিলা। সঙ্গে তাঁর সন্তান। বাড়ি ফিরেই প্রথমে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ওই মহিলা।
কোথায় ঘটেছে এমন ঘটনা?
ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর থানার ইলশেমারী এলাকায়। ওই মহিলার নাম আকলেমা বিবি। তাঁর অভিযোগ, আজ থেকে প্রায় ২৪ বছর আগে টাকার জন্য তাঁকে ও তাঁর কোলের সন্তানকে কাশ্মীরে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিলেন তাঁর স্বামী ইয়াসিন শেখ। আকলেমা বিবি জানান, বিক্রির আগে তাঁকে অজ্ঞান করে দিয়েছিলেন তাঁর স্বামী।
টাকা বিনিময়ে কাশ্মীরের এক ব্যক্তির কাছে তাঁকে ও তাঁর সন্তানকে বিক্রি করে দেন তাঁর স্বামী, এমনটাই অভিযোগ আকলেমা বিবির। তিনি এও জানিয়েছেন, যে ব্যক্তির কাছে তাদের বিক্রি করা হয়েছিল, তিনি তাদের উপর অত্যাচার করত। মহিলাকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করানো হত বলে খবর। অনেক অনুরোধ করার পরও তাঁকে বাড়ি ফিরতে দেওয়া হয়নি। আকলেমা বিবি জানান, তিনি অনেকবার পালানোর চেষ্টা করেছেন তবে সফল হন নি। ফলে কাশ্মীরেই পড়ে ছিলেন দীর্ঘ বছর।
তবে বাড়ি ফেরার জেদ ছিল আকলেমা বিবির। তক্কে তক্কে থাকতেন কীভাবে সেখান থেকে পালানো যায়। অপেক্ষা করছিলেন বাড়ি ফেরার। অবশেষে এক সুযোগ আসতেই সেখান থেকে পালিয়ে বাড়ি রানিনগর চলে আসেন আকলেমা বিবি।
এদিকে মেয়ের খোঁজ না পেয়ে ২৪ বছর আগেই খোঁজাখুঁজি শুরু করেছিলেন আকলেমা বিবির পরিবার। কিন্তু পান নি। অবশেষে মেয়েকে কাছে পেয়ে খুশি তারা। বাড়ি ফিরেই সোজা রানিনগর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আকলেমা বিবি। পুলিশ তদন্ত শুরু করেছে এই ঘটনার।
আকলেমা বিবির ছেলে জানান, “বাবা আরও একটা বিয়ে করবে বলে মা আর আমাকে বিক্রি করে দিয়েছিল। ওখানে আমরা চাষবাস করে খেতাম”।





