ট্রেনে উঠলেন কিন্তু শিয়ালদহ স্টেশনে নামলেন না, সিবিআই দফতরে হাজিরার আগেই মেয়ে-সহ হাওয়া পরেশ অধিকারী, কোথায় গেলেন মন্ত্রী?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর। এই মামলায় তাঁকে গতকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের তরফে সিবিআই দফতরে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এমনকি, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে অনুরোধ করেন যাতে তাঁকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়।

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের এই নির্দেশের পর গতকাল, মঙ্গলবার পদাতিক এক্সপ্রেসে উঠেছিলেন পরেশ অধিকারী। সঙ্গে ছিল তাঁর মেয়ে। কিন্তু আজ যখন শিয়ালদহ স্টেশনে ওই ট্রেন পৌঁছল, সেই ট্রেনে দেখা মিলল না মন্ত্রী বা তাঁর মেয়ের।

জানা যাচ্ছে, গতকাল, মঙ্গলবার রাতে মেয়ে অঙ্কিতা অধিকারীকে‌ নিয়ে পদাতিক এক্সপ্রেসে চড়েছিলেন পরেশ অধিকারী। কিন্তু আজ, বুধবার সকালে শিয়ালদহ স্টেশনে সেই ট্রেন পৌঁছলে মন্ত্রী বা তাঁর মেয়েকে নামতে দেখা যায় না। সুতরাং তারা মাঝপথেই নেমে গিয়েছেন বলে ধারণা অনেকের। সেক্ষেত্রে গন্তব্য পরিবর্তন হয়েছে বলেও মনে করা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী, পরেশ অধিকারী ও তাঁর মেয়ে বর্ধমান স্টেশনেই নেমে গিয়েছেন। তারা সড়কপথে কলকাতা আসার পরিকল্পনা করছেন। তবে কলকাতায় পৌঁছে তারা সিবিআই দফতরে হাজিরা দেবেন কী না, সে নিয়ে এখনও কিছু জানা যায়নি। এমনও হতে পারে, তিনি সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যেতে পারেন।

বলে রাখি, ২০১৮ সালের ২৩শে আগস্ট পরেশ অধিকারী ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে যোগ দেন। বাম জমানার এই মন্ত্রী তৃণমূলে যোগ দেওয়ার পরই তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর নাম এসএসসি নিয়োগের মেধা তালিকার প্রথমে উঠে আসে। সেই দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ।

RELATED Articles