লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রকট হচ্ছে। এরই মধ্যে দলের মধ্যে আদি-নব্য দ্বন্দ্ব শুরু হয়েছে। একে অপরকে সরাসরি আক্রমণ শানাচ্ছেন তৃণমূল নেতারা। এর আগে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করেছেন বটে, কিন্তু লাভের লাভ হয়নি। গোষ্ঠীকোন্দল মেটে নি দলে। এবার সরাসরি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে আক্রমণ করলেন ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী।
কী বলেছেন তৃণমূল বিধায়ক?
আজ, বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তৃণমূল বিধায়ক আব্দুল করিম বলেন, “প্রবীণদের দলে থাকা প্রয়োজন। প্রবীণদের ছাড়া দল কেন দেশ চালানো কঠিন হবে। প্রবীণদের অভিজ্ঞতা অনেক বেশি, তাঁদের থেকে নবীনদের অনেক কিছু শেখার রয়েছে”।
এরপরই কুণাল ঘোষকে সরাসরি ‘ননসেন্স’ বলে আক্রমণ করেন বিধায়ক। আব্দুল করিম বলেন, “আমি মনে করি, আরও ২০ বছর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দরকার আছে”।
কী প্রতিক্রিয়া কুণালের?
তৃণমূল বিধায়কের এহেন আক্রমণের প্রেক্ষিতে পাল্টা কুণাল ঘোষ বলেন, “আব্দুল করিম চৌধুরী যে ভঙ্গিতে কথা বলেছেন, তাতে যাঁরা দেখবেন, তাঁরা বুঝবেন নবীন-প্রবীণ প্রসঙ্গ কেন আসছে। উনি ১৫০ বছর বাঁচুন, আমাকে অপছন্দ হলে উনি একটা চিঠি দিয়ে আমাকে বরখাস্ত করুন। স্মারক হিসেবে রেখে দেব। তবে অভিষেক সম্পর্কে ভেবে চিন্তে বললেই ভালো হয়”।
প্রসঙ্গত, সম্প্রতি দলের একাধিক নেতার বিরুদ্ধে কখনও পরোক্ষ, আবার কখনও সরাসরি মুখ খুলেছেন কুণাল ঘোষ। অর্জুন সিং থেকে শুরু করে ফিরহাদ হাকিম, সুব্রত বক্সিকে নিয়ে মন্তব্য করেছেন তিনি। বুধবারই অর্জুন সিংয়ের উদ্দেশে তিনি বলেন, “নিজের এলাকা সামলান”। এবার তাঁকেই সরাসরি আক্রমণ করে বসলেন তৃণমূল বিধায়ক।





