মিলছে না জ্বালানি, এবার ঘোড়ায় চেপেই খাবার পৌঁছে দিলেন Zomato ডেলিভারি বয়, তুমুল ভাইরাল ভিডিও

  1. ঘোড়ায় চড়ে পাত্রকে বিয়ে করতে যেতে দেখেছেন অনেকেই। বরযাত্রী নিয়ে ঘোড়ায় চেপে বিয়ে করতে যান পাত্র। অনেক সময় আবার মাউন্টেট পুলিশকেও দেখা যায় ঘোড়ায় চড়ে টহল দিতে শহরে। কিন্তু ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি? না, তেমনটা মনে হয় কেউ দেখেন নি এখনও পর্যন্ত। তবে এবার সোশ্যাল মিডিয়ার দৌলতে সেই ঘটনাও দেখা হয়ে গেল নেটিজেনদের।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও যাতে দেখা গিয়েছে এক জোম্যাটোর ডেলিভারি বয় ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারি করতে বেরিয়েছেন। ভিডিওটি হায়দ্রাবাদের। সাধারণত দেখা যায় ডেলিভারি বয়রা বাইক বা সাইকেলে চেপেই ক্রেতাদের খাবার পৌঁছে দেন। কিন্তু এই ডেলিভারি বয় হঠাৎ ঘোড়া কেন বেছে নিলেন?  

কেন ঘোড়ায় করে ডেলিভারি?

আসলে গত মঙ্গলবার থেকে দেশজুড়ে চলছে ট্রাকচালকদের ধর্মঘট। আর এর ফলে জ্বালানি সংকট তৈরি হয়েছে। দেশের নানান প্রান্তের পেট্রল পাম্পের বাইরেই লম্বা লাইন দেখা গিয়েছে। ব্যতিক্রম নয় হায়দরাবাদও। সেখানেও একই অবস্থা।

কিন্তু এত কিছুর মাঝেও ক্রেতাদের কাছে খাবার তো ঠিক সময়ে পৌঁছে দিতে হবে। কিন্তু বাইকে নেই পেট্রোল। জানা গিয়েছে, পেট্রোল নেওয়ার জন্য তিন ঘণ্টা পাম্পের বাইরে অপেক্ষা করেছিলেন ওই কর্মী। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়িয়েও জ্বালানি আর মেলেনি। সেই কারণে বাধ্য হয়ে বাইক রেখে ঘোড়াতেই হয়েই খাবার পৌঁছে দিতে যান ওই কর্মী। হায়দরাবাদের চঞ্চলগুড়া এলাকার রাস্তায় সেই দৃশ্য দেখে হতবাক হয়ে যান পথচারীরা।

এই মুহূর্তে ডেলিভারি বয়ের এই ভিডিও তুমুল ভাইরাল। তা নিয়ে চলছে চর্চা। অনেকেই যেমন তাঁর এই কাণ্ড দেখে হতবাক হয়েছেন, তেমনই অনেকেই বারা এই ডেলিভারি বয়ের কাজের প্রতি একনিষ্ঠতা দেখে তাঁর প্রশংসা করেছেন। খাবার অর্ডার করা ক্রেতারাও কর্মীর এমন ভাব দেখে বেজায় খুশি হয়েই তাঁর থেকে খাবার নিয়েছেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles