‘শুধুমাত্র দলের নেতার শালা-ভাইপোরাই চাকরি পাচ্ছেন’, নিয়োগে স্বজনপোষণ নিয়ে বিস্ফোরক খোদ তৃণমূল বিধায়কই

নিয়োগ নিয়ে দুর্নীতি রাজ্যে নতুন ঘটনা নয়। এবার অসংগঠিত শ্রমিক পদে নিয়োগে দলীয় নেতাদের আত্মীয়রাই চাকরি পাচ্ছে বলে অভিযোগ তুললেন খোদ তৃণমূল বিধায়কই। তাঁর এহেন মন্তব্য স্বাভাবিকভাবেই দলকে বেশ বিড়ম্বনায় ফেলেছে। বৃহস্পতিবার দলের বিরুদ্ধে এমনই অভিযোগ আনলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।

কী অভিযোগ তৃণমূল বিধায়কের?

গতকাল, বৃহস্পতিবার এক দলীয় সভায় প্রকাশ্য মঞ্চ থেকেই নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী নিয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর দাবী, নিয়োগের ক্ষেত্রে পুরনো কর্মীদের কোনও সুযোগ দেওয়া হয় না। দুর্গাপুরের বাসিন্দারাও কোনও সুযোগ পান না। কিন্তু দলের নেতাদের আত্মীয়রা ঠিক চাকরি পেয়ে যান।  

তৃণমূল বিধায়কের কথায়, “যাকেই জিজ্ঞেস করি, সেই বলেন অমুক নেতার শালা, অমুক নেতার ভাইপো, অমুক নেতার ভায়রাভাই। এছাড়া লোক নাই। কেন দুর্গাপুর শহরের ভূমিপুত্ররা দুর্গাপুর ইস্পাত কারখানায় চাকরি পাবেন না? ডিএসপি-তে যাঁরা ঢুকবেন, তাঁরা দুর্গাপুরের হবেন। ডিএসপি দুর্গাপুরের অধিকার”।

শ্রমিক সংগঠনে নিয়োগের ক্ষেত্রে নিজের দলের বিরুদ্ধেই স্বজনপোষণের অভিযোগ তুলেছেন নরেন্দ্রনাথ চক্রবর্তী। তাঁর প্রশ্ন, নিয়োগের ক্ষেত্রে কেন স্বজনপোষণ হবে? তাঁর এহেন মন্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এর জেরে শাসক দলকে বেশ অস্বস্তিতে পড়তে হয়েছে। এর আগে দুর্গাপুরের সরকারি ও বেসরকারি কারখানায় ঠিকা কর্মী নিয়োগ নিয়ে বিরোধীরা স্বজনপোষণের অভিযোগ তুলতেন। সেই সময় সেই অভিযোগ ফুঁৎকারে উড়িয়ে দিত শাসক দল। তবে এখন সাসক্ল দলেরই নেতা সেই একই অভিযোগ আনলেন।

কী প্রতিক্রিয়া বিরোধীদের?  

শাসক দলের নেতার মুখেই এমন অভিযোগ শোনায় এ নিয়ে কটাক্ষ করতে ছাড়ে নি বিজেপি। এই ঘটনায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘোড়ুই বলেন, “নিয়োগ প্রক্রিয়া নিয়ে যদি কোনও অসচ্ছতা থাকে তাহলে দলের জেলার অভিভাবক হিসেবে কড়া পদক্ষেপ নিন পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক। মুখে এইসব বলে লাভ নেই”। বিজেপি বিধায়কের কথায়, নিয়োগ প্রক্রিয়ায় নিজের কর্তৃত্ব কায়েম করতে না পেরেই তৃণমূল বিধায়ক এমন মন্তব্য করছেন।

RELATED Articles