স্বাস্থ্যকর্মীকে বিরক্ত করার অভিযোগ, যুবককে বকাবকি, সকলের সামনে কান ধরে ওঠবস করালেন তৃণমূল বিধায়ক, শুরু বিতর্ক

এক যুবককে প্রবল বকাবকি। এমনকি সকলের সামনে কান ধরে ওঠবস করালেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ল সমাজমাধ্যমে। এরপরই এই ঘটনার নিন্দায় বিজেপি। প্রবল বিতর্কের মুখে পড়লেন তৃণমূল বিধায়ক।

কী ঘটেছে ঘটনাটি?

গতকাল, মঙ্গলবার বিকেল নাগাদ বিধানসভা থেকে ফিরছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। দিল্লি রোড দিয়ে রাজহাট হয়ে ব্যান্ডেল ফিরছিলেন তিনি। সেই সময় কাজিডাঙার কাছে তার গাড়ি আসতেই তিনি দেখেন পোলবা হাসপাতালের স্বাস্থ্যকর্মী শুভজিৎ বন্দ্যোপাধ্যায়কে কয়েকজন মিলে হেনস্থা করছে। তা দেখতে পেয়ে গাড়ি দাঁড় করান বিধায়ক।

গাড়ি থেকে নেমে সেদিকেই যান তিনি। এদিকে বিধায়ককে দেখতে পেয়ে অভিযুক্তরা পালায়। তবে একজন পালাতে পারে নি। স্বাস্থ্যকর্মীকে কেন নিগ্রহ করা হচ্ছে, সে কথা জানতে চান অসিত মজুমদার। অভিযোগ, ওই অভিযুক্তকে বকাবকি করেন। এরপর কান ধরে ওঠবস করানোরও অভিযোগ ওঠে। এই ভিডিওই ভাইরাল হয় সমাজমাধ্যমে

ঘটনার নিন্দা বিজেপির

এই ঘটনায় হুগলি বিজেপির সম্পাদক সুরেশ সাউ বলেন, “বিধায়ক নিজে বলেন আইন হাতে তুলে না নিতে। আর এক যুবককে রাস্তায় কান ধরে ওঠবস করাচ্ছেন। কাউকে শাস্তি দেওয়ার হলে পুলিশ প্রশাসন রয়েছে। আবার সেই ভিডিও ভাইরাল করছেন। ওই যুবক যদি কিছু করে বসেন তাহলে তার দায় কে নেবে”?

কী বক্তব্য তৃণমূল বিধায়কের?

এই ঘটনা প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার বলেন, “আমি পোলবা ও মগড়া হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। বিধানসভা থেকে বাড়ি ফেরার সময় দেখি পোলবা হাসপাতালের এক কর্মীকে ধরে হেনস্থা করছে কয়েকজন। মারমুখি তারা। কী ব্যাপার জানতে গাড়ি থেকে নামতেই পালিয়ে যায় দুজন। আমি থানায় ফোন করে ওদের তুলিয়ে দিতাম। একজনের বাবা মা এসে হাতে পায়ে ধরে বারন করল। তখন ওই যুবককে কান ধরে ওঠবস করাই”।

এই ঘটনার পর ব্যান্ডেল পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন শুভজিৎ বন্দ্যোপাধ্যায় নামের ওই যুবক। তাঁর জথায়, “হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে হেনস্থা করা হচ্ছিল আমায়। তিনজন যুবক ছিল। আমায় থাপ্পর মারবে বলছিল। তখনই চলে আসেন বিধায়ক”।

আরও অন্যান্য খবর