কোনও কাঁটাতার, বা কোনও সীমান্তরেখাই যে প্রেমকে আটকে রাখতে পারে না, এমন ঘটনার নজির কম নয়। দেশ পেরিয়ে অন্য দেশে প্রেমের টানে ছুটে গিয়েছেন কত প্রেমিক-প্রেমিকারা। এবার ভালোবাসার টানেই পাকিস্তান থেকে কলকাতা এলেন পাক তরুণী।
কলকাতার যুবক সমীর খান ও পাক তরুণী জাওয়ারিয়া খানম প্রেমের সম্পর্কে আবদ্ধ। সেই প্রেমিকের টানেই গতকাল, মঙ্গলবার ভারতে আসেন জাওয়ারিয়া। এদিন সকাল ১১টা নাগাদ পাকিস্তানের করাচি থেকে অমৃতসরের ওয়াঘা বর্ডার পার ভারতে প্রবেশ করেন ওই পাক তরুণী।
এদিন প্রেমিকাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সমীর। সঙ্গে ছিলেন তাঁর বাবা আহমেদ কামাল খান। ‘শত্রু’ দেশে আসার ভিসা পাওয়া সহজ নয় একেবারেই। তবে দীর্ঘদিনের লড়াইয়ের পর অবশেষে ভিসা পান জাওয়ারিয়া। সেই কারণে বেজায় খুশি তিনি। পরিবার সূত্রে খবর, সব যদি ঠিকঠাক থাকে, তাহলে আগামী বছরের জানুয়ারি মাসেই সমীর ও জাওয়ারিয়ার চারহাত এক হয়ে যাবে।
কীভাবে শুরু এই প্রেম কাহিনী?
সমীর ও জাওয়ারিয়ার এই প্রেম কাহিনী শুরু ২০১৮ সালে। সমীর নিজের মায়ের ফোনে প্রথম জাওয়ারিয়ার ছবি দেখেন। আর প্রথম দেখাতেই কুপোকাত যাকে বলে ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। মা-কে স্পষ্ট জানিয়ে দেন, বিয়ে করলে জাওয়ারিয়াকেই বিয়ে করবেন তিনি। সেই মতো দুই দেশের পরিবারের মধ্যে বিয়ে নিয়ে কথাবার্তা শুরু হয়। কিন্তু মাঝে বাধ সাধল কোভিড। তারপর আবার জাওয়ারিয়ার ভিসাও বারবার আটকে যাচ্ছিল। অবশেষে পাঁচ বছর পর নিজের ভালোবাসার মানুষের কাছে যাওয়ার সুযোগ পেলেন জাওয়ারিয়া। ৪৫ দিনের ভিসা পেয়েছেন তিনি।
কী জানাচ্ছেন জাওয়ারিয়ার প্রেমিক?
গতকাল, মঙ্গলবার সকালেই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন জাওয়ারিয়া। এদিনই তাদের কলকাতায় পৌঁছানোর কথা। সমীর বলেন, “আমার বাগদত্তাকে দু-বার ভিসা দেওয়া হয়নি। এর পর সমাজসেবক ও সাংবাদিক মকবুল আহমেদ ওয়েসির কাদিয়ানের সাহায্যে ভিসা মঞ্জুর হয়েছে”।
জাওয়ারিয়া বলেন, “পাঁচ বছর পরে ভিসা পেয়েছি। আমি ভীষণ খুশি। এটি একটি সুখের শুরু”।





