‘ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করাব আমি’, দলের প্রার্থীর বিরুদ্ধেই প্রচার করার সিদ্ধান্ত তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীরের

লোকসভা ভোটের আর বেশিদিন বাকি নেই। ইতিমধ্যেই গত রবিবার ব্রিগেডে জনগর্জন সভা থেকে লোকসভা নির্বাচনের জন্য ৪২টি আসনেই প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল। বেশ চমক দিয়েই মুর্শিদাবাদের বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করেছে তৃণমূল। এই নিয়ে এবার ক্ষোভ বর্ষণ করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর।

কী বলেছেন হুমায়ূন কবীর?   

বহরমপুর থেকে ইউসুফ পাঠানকে প্রার্থী করা নিয়ে বেশ চর্চা শুরু হয়েছে তৃণমূলের অন্দরেই। এই নিয়ে এবার ফের বেসুরো তৃণমূল বিধায়ক হুমায়ূন কবীর। তিনি জানান, “ইউসুফ পাঠানকে প্রার্থী মানতে আমার কোনও আপত্তি ছিল না। কিন্তু রাজ্য নেতৃত্ব যদি আমাদের মতো লোকজনকে একবার বলতেন এটা মানতে হবে, এটা আমাদের সিদ্ধান্ত, অবশ্যই আমি মাথা নত করে মেনে নিতাম”।

ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করানোর হুমকি বিধায়কের

তৃণমূলের এই প্রার্থী বাছাই নিয়ে বেশ সুর চড়ান হুমায়ূন কবীর। তিনি বলেন, “আমি বলছি, আমি এটাকে মান্যতা দিচ্ছি না, আমি মানছি না। তার জন্য নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ জানালে কী করব তা গোটা রাজ্যের মানুষ দেখতে পাবেন। আমি ইউসুফ পাঠানের বিরুদ্ধে ভোট করব”।

তবে কী এবার দলবদল করবেন হুমায়ূন?

হুমায়ূনের কথায়, তিনি অন্য কোনও দলে যাবেন না। তিনি জানান, “আমি নিজেই পার্টি খুলব। নিজেই সেই পার্টির হয়ে লড়ব”।

বলে রাখি, হুমায়ূন কবীরের এমন বিদ্রোহী মনোভাব এই নতুন নয়। এর আগেও একাধিকবার দলের বিরুদ্ধে তোপ দেগেছেন তিনি। দল বিরোধী কথাবার্তার জন্য দলের তরফে শোকজও করা হয়েছিল তাঁকে। এর আগেও তিনি বলেছেন যে তিনি নিজের দল বানাবেন। আর এবারও তেমনই মন্তব্য শোনা গেল বিধায়কের মুখ। তিনি সত্যিই তৃণমূল থেকে বেরিয়ে নিজের দল তৈরি করেন কী না, এখন সেটাই দেখার।

আরও অন্যান্য খবর