বিগত কয়েক বছর ধরেই কয়লা-বালি পাচার থেকে শুরু করে নিয়োগ-রেশন দুর্নীতি সবক্ষেত্রেই বারবার নাম জড়িয়েছে শাসক দলের নানান নেতাদের। নানান দুর্নীতিতে অভিযুক্ত হয়ে জেলবন্দি রয়েছেন একাধিক তৃণমূল নেতা-মন্ত্রী। এসবের মধ্যেই এবার দলের কাউন্সিলরদের বিরুদ্ধেই বিস্ফোরক অভিযোগ করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন।
কী বললেন তিনি?
গতকাল, শনিবার রঘুনাথগঞ্জে নিজের কার্যালয়ে দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করেন জাকির হোসেন। সেখানেই দলের কাউন্সিলরদের নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন তিনি। বলেন, “অনেক কাউন্সিলর আছে যাঁরা দু’তলা, তিন তলা বাড়ি করেছে। অথচ তাদের বাড়িতে একসময় খাওয়া জুটত না। তার মানে তাঁরা দু-নম্বরি করেছে। আমি তাঁদের বিরুদ্ধে কমপ্লেন করব। আমি তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেব”।
এখানেই শেষ নয়। এদিন শুধুমাত্র কাউন্সিলরদের বাড়ি-গাড়িই নয়, রাজনৈতিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলেন জাকির হোসেন। তাঁর কথায়, “আমি না থাকলে অনেক মেম্বার হেরে যেত। তাদের পাঁচশো, এক হাজার ভোট পাওয়ার ক্ষমতা ছিল না। কারণ তাঁরা মানুষকে শোষণ করে”।
তৃণমূল বিধায়কের মন্তব্যে কটাক্ষ বিজেপির
জাকির হোসেনের এই মন্তব্যকে হাতিয়ার করতে শাসক দলকে শানাতে দেরি করে নি পদ্ম শিবির। জেলা বিজেপির সহ-সভাপতি জয়দেব দাস এই প্রসঙ্গে বলেন, “জঙ্গিপুরের বিধায়ক তো নেতা-কর্মীদের উপস্থিতে এ কথা বলেছেন। পৌরসভা থেকে পঞ্চায়েত, সর্বত্র তৃণমূলের দুর্নীতিবাদ নেতারা টিকিট পায়, এরাই শোষণ করে, মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা তো বরাবরই এই অভিযোগ করেছি। দিনে দিনে এক শ্রেণির কাউন্সিলর ফুঁলেফেঁপে উঠেছে। আজকে জাকির সাহেব সে কথা বলছেন। জানি না কোন অ্যাঙ্গেল থেকে বলছেন। তিনিও জানেন দুর্নীতিবাজদের হাতে রয়েছে জঙ্গিপুর পৌরসভা”।
তাঁর সংযোজন, “কিছুদিন আগেই তিনি ৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছিলেন পৌরপিতার বিরুদ্ধে। আজকে তিনি তাঁর সঙ্গে একইসঙ্গে কর্মসূচি নিচ্ছেন। একদিকে তিনি সমালোচনা করছেন, অন্যদিকে দুর্নীতিবাজদের সঙ্গে ঘুরছেন। উনি ব্যবস্থা নেওয়ার কথা বললেও তলে তলে তো সব সেটিং হয়ে যাবে”।





