ইতিহাস ঘাঁটলেই দেখা যাবে বন্দুক দেখিয়ে ভোট জয় করা যায়, ফের বিতর্কিত মন্তব্য তৃণমূল বিধায়কের

বিগত বেশ কয়েকদিন ধরেই নানান বিতর্কমূলক মন্তব্য করে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে হুগলীর বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। কখনও দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন, আবার কখনও বা লোকদের মদ-মাংস খাওয়ান বলে বিতর্কে জড়িয়েছেন। তাঁর এই নানান মন্তব্যে অস্বস্তিতে পড়তে হয় দলকে। এবার ফের একবার বিতর্কিত মন্তব্য করে বসলেন তৃণমূল বিধায়ক।

এদিন একটি ফেসবুক পোস্ট করে মনোরঞ্জনবাবু লেখেন, “প্রিয় বলাগড়বাসি বন্ধুরা , আজ আপনাদের পরিষেবা দেবার জন্য আমার গুপ্তিপাড়া বিধায়ক কার্যালয়ে উপস্থিত থাকার কথা ছিল । কিন্ত আমি কলকাতা চলে আসতে বাধ্য হবার জন্য গুপ্তিপাড়ায় উপস্থিত থাকতে পারছি না । আমি কেন আচমকা কলকাতা এলাম এটা আপনাদের নিশ্চয় বলে দিতে হবে না । কয়েক দিন ধরে বলাগড় অঞ্চলে যা যা ঘটছে সব আপনারা জানেন। এর একটা নিরাকরন , বিহিত করা দরকার। আপনাদের পরিষেবা ব্যাহত হবার জন্য ওই ঘটনা , যারা ওইসব ঘটনাকে পরিকল্পিত ভাবে সংঘটিত করে চলেছে তারাই মূলতঃ দায়ী”।

আরও পড়ুন- ফের উত্তপ্ত খোয়াই, তৃণমূলে যোগ দিতে গিয়ে আক্রান্ত বাম কর্মী, অভিযোগের তীর বিজেপির দিকে

এদিন বিধায়ক আরও লেখেন, “এই যে আপনারা ‘দুয়ারে বিধায়ক’ পরিষেবা থেকে বঞ্চিত হলেন এর জন্য আমার প্রতি নয়, আপনার রাগ তাদের প্রতি হওয়া বাঞ্ছনীয় । আপনারা যাকে এত কষ্ট করে ভোটে জেতালেন , দিদি মমতা ব্যানার্জী, আর তৃণমূল দলের বিধায়ক- যাকে চার পাচজন দূস্কৃতি অনবরত নোংরা ভাষায় অপমান কুৎসা করে চলেছে- চোর বলছে ধর্ষক বলছে, এটা শুধু দলের নয়, দিদি মমতা ব্যানার্জীর নয় , গোটা বলাগড়বাসির অপমান”।

তৃণমূল বিধায়কের কথায়, “যারা বন্দুক রিভালবার দেখিয়ে ভোটে জেতে তাদের জনগনের প্রতি কোন দায়বদ্ধতা থাকে না । তাঁরা মনে করে ওইভাবে বার বার জিতে যাবে। আমি তেমন ভাবে জিতি নি, জিততে চাই না। আমি জিতেছি মা মাটি মানুষের নেত্রী দিদি মমতা ব্যানার্জীর আশীর্বাদ আর আপনাদের ভালোবাসায়। আমি আপনাদের প্রতি দায়বদ্ধ কৃতজ্ঞ আভুমি প্রনত”।

আরও পড়ুন- তৃণমূলের অন্তর্দ্বন্দ তুঙ্গে, ‘কারও স্বেচ্ছাচারিতা বরদাস্ত হবে না’, রবীন্দ্রনাথকে হুঁশিয়ারি পার্থর

এবার স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে এখানে বন্দুক দেখিয়ে ভোট নেন বলতে কাদের বোঝাতে চেয়েছেন তৃণমূল বিধায়ক? সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎ অনুযায়ী, বিধায়ক বলেন, “গত পঞ্চায়েত ভোটের ইতিহাসটা ঘেঁটে দেখুন। কারা কী করেছে সব জানতে পারবেন”। তাঁর এই বক্তব্যের মধ্যে দিয়েই স্পষ্ট যে বন্দুক দেখিয়ে ভোট জেতার ব্যাপারটায় তিনি নিজের দলকেই নিশানা করেছেন।

RELATED Articles