‘বক্তব্য বিকৃত করা হচ্ছে, কোনও কথা বলব না’, সংবাদমাধ্যমকে তোপ তাপসের, মৌনব্রত নিলেন তৃণমূল বিধায়ক

নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো, সিবিআই তল্লাশি, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যাওয়ার পর দেদার খানপিনার পর এবার সংবাদমাধ্যমের উপর ক্ষোভ জারি করলেন তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা। জানালেন যে তিনি আর সংবাদমাধ্যমে কোনও কথা বলবেন না। সম্প্রতি তাঁর করা নানান মন্তব্য নিয়ে নানান বিতর্কও তৈরি হয়েছে। সেই কারণেই এবার কুলুপ এঁটেছেন।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে এখনও পর্যন্ত সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, কর্মী। তাদের সূত্র ধরেই আরও কয়েকজন বিধায়কের নাম উঠে এসেছে। সেভাবেই তেহট্টের তাপস সাহার নামও দুর্নীতি কাণ্ডে জড়িত হিসেবে উঠে এসেছিল সিবিআইয়ের হাতে। গত সপ্তাহে তাঁর বাড়ি, অফিস দীর্ঘ ১৫ ঘণ্টা ধরে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারীরা। তাঁর ঘনিষ্ঠদের ডেরায়ও তল্লাশি চলে।

তাপস সাহার আপ্তসহায়ক প্রবীর কয়ালের বাড়িতেও তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা। তবে তাপস সাহা বা তাঁর ঘনিষ্ঠ কাউকেই এখনও পর্যন্ত গ্রেফতার করেনি সিবিআই। এর আগে তৃণমূল বিধায়ক দাবী করেছিলেন যে তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।

অন্যদিকে আবার সিবিআই তাঁর বাড়ি ১৫ ঘণ্টা তল্লাশি চালিয়ে চলে যাওয়ার পরই নিজের বাড়িতে জমিয়ে খাওয়াদাওয়ার আয়োজন করেন তাপস সাহা। তা নিয়েও বেশ বিতর্ক ছড়ায়। সেই নিয়ে সাফাইও দেন। আর এবার সংবাদমাধ্যমে ক্ষোভ উগড়ে দিলেন বিধায়ক। মুখে কুলুপ আঁটলেন তিনি। তাঁর কথায়, তাঁর বক্তব্যকে নানানভাবে বিকৃত করা হচ্ছে।

সেইসঙ্গে বিধায়কের আরও অভিযোগ, প্রবীর কয়াল একজন ঠক ও প্রবঞ্চক। মানুষের টাকা নয়ছয়। তাপস সাহা বলেন তিনি তাঁর সম্পর্কে কিছু বলতে চান না। এবার থেকে তিনি যা বলবার ঊর্ধ্বতন নেতৃত্বের সঙ্গে কথা বলবে। তাঁর কথায়, শীর্ষ নেতৃত্বের কথাই শেষ কথা।

RELATED Articles