শুভেন্দুর সঙ্গে ছবি সন্দেশখালির ‘বাদশা’ শাহজাহানের, ছবি পোস্ট করে বিস্ফোরক অভিযোগ তৃণমূল বিধায়কের, তুঙ্গে বিতর্ক

মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন শেখ শাহজাহান যিনি সন্দেশখালির ‘বাদশা’ বলেই পরিচিত আর তাঁর পাশে বসে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একদিকে যখন শাহজাহানকে হন্যে হয়ে খুঁজছে ইডি আর তাঁকে নিয়ে তোপ দাগছে বিজেপি, সেই সময় দাঁড়িয়ে এমন একটি ছবি ভাইরাল হওয়ায় বেশ অস্বস্তিতে গেরুয়া শিবির। এমন ছবি পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো।

প্রসঙ্গত, গত শুক্রবার এই শেখ শাহজাহানের বাড়ি রেশন দুর্নীতির তদন্তে গিয়ে আক্রান্ত হয় ইডি। তৃণমূল নেতার অনুগামীরা হামলা করে ইডি আধিকারিকদের উপর। মাথা ফাতে তিন আধিকারিকের। এই ঘটনার পর থেকেই পলাতক শাহজাহান। এই ঘটনায় তৃণমূল ও শাহজাহানকে কটাক্ষ করতে কসুর করে নি বিরোধীরা। এবার শুভেন্দু অধিকারীর সঙ্গে তাঁর ছবি নিয়ে শুরু হল ঢের বিতর্ক।  

গতকাল, মঙ্গলবার এই ছবি পোস্ট করে বিস্ফোরক অভিযোগ করেন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ছবি নিয়ে বিধায়ক বলেন, “অনেক জায়গায় ছবি দেখলাম। অনেকেই বলছে শাহজাহানকে বিজেপিতে ডাকা হয়েছিল। তিনি যাননি বলেই ষড়যন্ত্র করা হয়েছে”।

বিধায়কের দাবী, শেখ শাহজাহান যদি গ্রেফতার হন, তাহলে রাজনৈতিক ভাবে তা মোকাবিলা করা হবে। বিধায়ক এও বলেন যে ঘটনার সময় শাহজাহান ঘরে ছিলেন না।

ছবিকে ঘিরে কী মত শুভেন্দুর?

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ছবি নিয়ে শুভেন্দু অধিকারীর দাবী, “আমি সেচমন্ত্রী যখন ছিলাম তখন হাসনাবাদে এসেছিলাম। স্বাভাবিকভাবেই ওখানকার যিনি রাজা-বাদশা, আগে যিনি সিপিএম করতেন, তিনি আমাকে দেখিয়েছেন কোথায় বাঁধ কেটেছে, কোথায় বাঁধ জুড়েছে। বিজেপি এসব লোককে নেবে না”।

শুধু তাই নয়, শেখ শাহজাহানের সঙ্গে সিপিএমের যোগসূত্রের কথাও বলেন বিরোধী দলনেতা। তাঁকে আবার পাল্টা কটাক্ষ শানিয়ে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “শাহজাহান শেখের নাম ২০১১-এর আগে বাম আমলে কোনও ঘটনায় আসেনি। ২০১৮-র পঞ্চায়েত ভোটে শুভেন্দুই এমন বাহিনী তৈরি করেছিলেন। সেই শুভেন্দুই এখন বড় বড় কথা বলছেন”।

RELATED Articles