ভোট যত এগিয়ে আসছে, নানান রাজনৈতিক দলের ঝাঁঝ, শাসানি যেন আরও বাড়ছে। একে অপরকে কটাক্ষ করা, তোপ দাগা, শাসানো, এসব তো ছিলই এবার নিজের দলের কর্মীদেরও হুঁশিয়ারি দিতে ছাড়ছেন না শাসক দলের নেতারা। ফের এমন এক ঘটনায় জড়াল তৃণমূলের নাম।
কিছুদিন আগেই প্রচারে বেরিয়ে দলের কর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিতে শোনা গিয়েছিল উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে। এবারও সেই একই ধরণের ছবি ধরা পড়ল উলুবেড়িয়া থেকে। দলেরই লোকজনকে হুঁশিয়ারি দিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের তৃণমূল বিধায়ক সমীর পাঁজা (Samir Panja)।
লোকসভা নির্বাচনে উলুবেড়িয়া কেন্দ্র থেকে সাজদা আহমেদকে প্রার্থী করেছে তৃণমূল। গতকাল, শনিবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন তিনি। এদিন তাঁর সঙ্গে ছিলেন সমীর পাঁজাও। সেখানে এক কর্মীসভা থেকে বিতর্কিত মন্তব্য করে বসেন তৃণমূল বিধায়ক।
কী বলেছেন সমীর পাঁজা (Samir Panja)?
এদিন কর্মীসভা থেকে সমীর পাঁজা বলেন, “শুনতে খারাপ লাগবে আপনাদের। কান খুলে শুনে নিন। ১৬টি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ২৪৮টি গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা, ৪৮ টি পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা, ৪টি জেলা পরিষদের সদস্য-সদস্যা আছেন। যে জায়গায় মাইনাস হবে, আমাকে বলতে না হয়, ৪ঠা জুনের পরের দিন অর্থাৎ ৫ই জুন আপনাকে আপনার পদ খালি করে দিতে হবে। কোনও রকম বিরোধ নয় কোথাও কোনও রেয়াৎ নয়। কারণ তৃণমূল কংগ্রেস ৩৬৫ দিন মানুষের পাশে থাকে”।
তাঁর এহেন মন্তব্যকে হাতিয়ার করে তোপ দেগেছে বিরোধীরা। তাদের কথায়, তৃণমূলের সংস্কৃতি এটাই। তারা কর্মীদেরও মানুষ বলে জ্ঞান করে না। বিজেপির দাবী, তৃণমূল বুঝে গিয়েছে এবারের ভোটে তারা লাভ করতে পারবে না, সেই কারণেই এমন ধমকানি, চমকানি দেওয়া হচ্ছে।





