টাকা নিয়ে সংসদে প্রশ্ন করার বিতর্কে এবার ফের একবার বিস্ফোরক তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাঁর দাবী, তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যে। একটা পয়সা নেওয়ার দুর্নীতির কোনও প্রমাণ নেই। শীতকালীন অধিবেশনে তাঁর মুখ বন্ধ রাখার জন্য তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ করা হয়েছে বলে দাবী মহুয়ার। তবে প্রশ্ন হল শেষ পর্যন্ত কী আদৌ এথিক্স কমিটির তলবে সাড়া দেবেন মহুয়া?
ব্যবসায়ীর থেকে মোটা টাকা, উপহার নিয়ে সংসদে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। এমনই অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সেই বিতর্কে তাঁকে প্রথমে ৩১ অক্টোবর সংসদের এথিক্স কমিটি হাজিরা দেওয়ার জন্য তলব করেছিল। তবে নিজের সংসদীয় এলাকায় কাজ থাকার কারণে তিনি ওইদিন হাজিরা দিতে পারবেন না বলে জানিয়েছিলেন মহুয়া।
তিনি ৫ নভেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন। তবে সেই সময় মহুয়াকে দেওয়া হয়নি। উল্টে ২ নভেম্বর তাঁকে তলব করে এথিক্স কমিটি। এদিন মহুয়া বেশ চ্যালেঞ্জের সুরেই জানান যে আগামী বৃহস্পতিবার অর্থাৎ ২ নভেম্বর তিনি এথিক্স কমিটিতে হাজিরা দেবেন আর নিজের দিকে ওঠা সমস্ত অভিযোগ খণ্ডন করবেন।
কী চ্যালেঞ্জ জানালেন মহুয়া?
মহুয়া বলেন, “একটা পয়সা নিয়েছি প্রমাণ করতে পারবে না। ওরা যে কোনও মূল্যে মুখ বন্ধ করতে চায়। তাই যা তা একটা অভিযোগ দিয়ে দিয়েছে। কোনও প্রমাণ আছে? এক পয়সা নিয়েছি প্রমাণ থাকলে এথিক্স কমিটিতে ডাকত না। FIR করে সোজা জেলে ঢুকিয়ে দিত। কিছু প্রমাণ করতে পারবে”।
মহুয়ার সাফ কথা, “ওরা আমার একটা চুলও স্পর্শ করতে পারবে না। আমি এথিক্স কমিটিতে যাব। আর সব অভিযোগ খণ্ডন করব”।
তৃণমূল সাংসদের দাবী, রাজ্যের বকেয়া টাকা মেটানোর দাবীতে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই দিক থেকে দৃষ্টি ঘোরাতে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। মহুয়া এও দাবী করেন যে তিনি যাতে শীতকালীন অধিবেশনে মুখ না খোলেন, সেই কারণেই এই ষড়যন্ত্র করেছে বিজেপি। তিনি এও সাফ জানিয়ে দেন যে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে তিনি নিজের সুর কোনওভাবেই নরম করবেন না।





