কোনও খোঁজ মিলছে না MP নুসরতের! তৃণমূলের সাংসদের নামে নিখোঁজের পোস্টারে ছয়লাপ বসিরহাট

তৃণমূল সাংসদ-অভিনেত্রী নুসরত জাহান নিখোঁজ। কোনও খোঁজ মিলছে না তাঁর। খুঁজেই পাওয়া যাচ্ছে না তাঁকে। এই কারণে সাংসদের নিখোঁজ হওয়ার পোস্টারে ছেয়ে গেল গোটা বসিরহাট। এই নিয়ে নেটপাড়াতেও বেশ হুলস্থূল।

কিন্তু এই যে কিছুদিন আগেই নুসরত নিজের ঘুরতে যাওয়ার ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়াতে? তিনি সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নানান ছবি থেকে শুরু করে ভিডিও সবই শেয়ার হচ্ছে। তাহলে হঠাৎ করে এই নিখোঁজের পোস্টার কেন?

জানা যাচ্ছে, গতকাল, সোমবার উত্তর ২৪ পরগণার হাড়োয়া বিধানসভা এলাকার চাঁপাতলা পঞ্চায়েত এলাকায় পোস্টার পড়েছে সাংসদ অভিনেত্রী নুসরতের নামে। সব পোস্টারেই একই বক্তব‍্য, বসিরহাটের সাংসদ নুসরত জাহান নিখোঁজ। সন্ধান চাই’। তবে কোনও পোস্টারের নীচে লেখা, ‘সাধারণ জনগণ’, আবার কোনও পোস্টারের নীচে লেখা, ‘প্রতারিত জনগণ’। কিছু পোস্টারের নীচে নাম রয়েছে তৃণমূলেরও।

এই এলাকাটি পড়ে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে। এই পোস্টার ছাপা নিয়ে চাঁপাতলা পঞ্চায়েত প্রধান হুমায়ুন রেজা চৌধুরী বলেন, এর আগে ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত যিনি সাংসদ ছিলেন, তাঁকে এলাকার আপদে-বিপদে পাওয়া যেত। কিন্তু নুসরত জাহানকে পাওয়াই যায় না। তাই সেই ক্ষোভ থেকেই হয়ত এলাকার মানুষ এই পোস্টারগুলি দিয়েছেন। সেই পোস্টার ছিঁড়ে ফেলাও হয়েছে বলে জানান তিনি।

এই ঘটনা নিয়ে কটাক্ষ করতে বাদ যান নি বিরোধীরা। তাদের কথায়, সাংসদ নুসরত জাহান টিকটক ও নিজের ব্যক্তিগত জীবন নিয়েই ব্যস্ত। তবে এর পাশাপাশি সাংসদের দায়িত্বটা তো পালন করা উচিত তাঁর। সন্দেশখালি, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এলাকার স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফেও নুসরতকে নিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়েছে।

করোনা কালে একবারের জন্যও এলাকায় দেখা যায়নি নুসরতকে। এমনকি, আমফানের সময়ও সাধারণ মানুষের দুর্ভোগে পাশে দাঁড়ান নি তিনি, এমনটাই অভিযোগ। তৃণমূলের একাংশের কথায়, তিনি শুধু সময়ে সময়ে প্রচারে আসেন। এদিকে সাংসদের ঘনিষ্ঠদের দাবী, এসব কিছুই বিরোধীদের রটনা। নুসরত নাকি নিয়মিত স্থানীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রাখেন। তবে এই পোস্টার নিয়ে নুসরতের তরফে কোনও প্রতিক্রিয়া এখনও পর্যন্ত মেলেনি।

RELATED Articles