গত শুক্রবার সন্দেশখালির সরবেড়িয়াতে পরিস্থিতি তুমুল উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়ি তল্লাশি করতে যাওয়ায় তাঁর অনুগামীদের হামলার মুখে পড়তে হয় ইডি অফিসারদের। মারধর করা হয়। এই নিয়ে গতকাল, শনিবারও গোটা দিন উত্তপ্ত ছিল বঙ্গ রাজনীতি। কিন্তু এসবের মধ্যে কোথাও দেখা মিলল না এলাকার তারকা-সাংসদ নুসরত জাহানের। তাঁর কানে কী কোনও খবরও যায় নি?
কোথায় আছেন নুসরত?
তারকা-সাংসদ এখন ব্যস্ত বিনোদনের কাজে। দিনরাত এখন নিজের ছবি ‘মেন্টাল’-এর প্রচার করে চলেছেন তিনি। সঙ্গে রয়েছেন তাঁর সঙ্গী অভিনেতা যশ দাশগুপ্ত। তাঁর নানান নাচ-গানের ভিডিও, ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে। কিন্তু এই সমস্ত ভিডিওর মধ্যে কোথাও সন্দেশখালি নিয়ে কোনও বার্তা নেই।
নুসরতের সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা নেহাতই কম নয়। সেই কারণে তাঁর সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখলেই বোঝা যায়, তা এখন ঠিক কতটা রঙিন। নাচ-গান, আড্ডা, মজা, হাসিতে ভরা তাঁর সোশ্যাল মিডিয়া। মুক্তি পাচ্ছে যশ দাশগুপ্তের প্রযোজনায় তৈরি প্রথম ছবি ‘মেন্টাল’। তাতে অভিনয় করছেন নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সেই ছবির প্রচারেই এখন ব্যস্ত তারকা-সাংসদ।
View this post on Instagram
গতকাল, শনিবার যখন সন্দেশখালিতে ইডির উপর হামলার ঘটনায় গোটা বঙ্গ রাজনীতি উত্তাল, সেই সময় তারকা-সাংসদের সোশ্যাল মিডিয়া ভরপুর বিনোদনে ঠাসা। এমনকি সাংসদ হিসেবে তাঁর ন্যূনতম যে কাজ- শান্তি বজায় রাখার বার্তা দেওয়া, সেটা পর্যন্ত করতে দেখা যায়নি নুসরতকে। তাঁর এহেন কাজ নিয়ে ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়ে গিয়েছে।

তবে এটাই প্রথমবার নয় যে নুসরত জাহান এমন কোনও কাজ করছেন। ২০১৯ সালে লোকসভা ভোটে বসিরহাট থেকে জিতে সাংসদ হয়েছিলেন নুসরত জাহান। এরপরই তিনি তুরস্কে উড়ে যান বিয়ের জন্য। নির্দিষ্ট দিনে সংসদে গিয়ে সাংসদ হিসেবে শপথও গ্রহণ করেন নি তিনি। করেছিলেন, তব বেশ কিছুদিন পর। বসিরহাট মানুষদের ক্ষোভ, সাংসদ হওয়া সত্ত্বেও নিজের সংসদীয় এলাকায় কখনও দেখা মেলে ন্মা তারকা-সাংসদের। নিজের এলাকার মানুষের সঙ্গে কথা বলা বা তাদের সুবিধা-অসুবিধা জানা, কোনও কাজই করেন না নুসরত।






