একের পর এক দুর্নীতির জেরে বিদ্ধ রাজ্য সরকার। নানান দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের নানান নেতা-মন্ত্রীদের। গ্রেফতার হয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অনুব্রত মণ্ডল (Anubrata Mandal)। দুজনেই হেফাজতে রয়েছেন আপাতত। এর জেরে তৃণমূল বেশ কোণঠাসা। কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এমন আবহে এবার হাওড়ার তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের (Parsun Banerjee) গলাতেও উঠে এল জেলে যাওয়ার কথা।
প্রসূন দাবী করেন যে লোকসভা নির্বাচনের আগে তৃণমূল নেতাদের হেনস্থা করা হবে নানান ভাবে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন যে তাঁকেও হয়ত জেলে নিয়ে যেতে পারে কেন্দ্রীয় সংস্থা। প্রসূনের কথায়, “আমি তো অবাক হয়ে যাচ্ছি কার কার নাম আসছে, কীভাবে নাম আসছে, কেন আসছে”?
এরপর তিনি আরও বলেন, “আমাকে জেলে নিলে জেলে গিয়েও ফুটবল শেখাব। আরও কাউকে শেখাতে পারব যারা ফুটবল খেলে না। কিন্তু কথা সেটা না। এটা যারা করছে, একেবারে অসভ্য দল। এই দলটাকে ভারতবর্ষ থেকে না তাড়ানো গেলে দেশটা শেষ হয়ে যাবে”।
তৃণমূলের বর্ষীয়ান সাংসদ সৌগত রায় বলেছিলেন যে তৃণমূলের সমালোচকদের পিঠের চামড়া দিয়ে জুতো তৈরি করবেন। এই প্রেক্ষিতে তিনি বলেন যে সৌগতবাবু যা বলেছেন একেবারে ঠিক বলেছেন।
প্রাক্তন আন্তর্জাতিক ফুটবলার ও অর্জুন পুরস্কারে সম্মানিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, “উনি (সৌগত রায়) কখনও তো এরকম কথা বলেন না। এত নোংরামি হচ্ছে, বলতে তো হবেই। রাস্তায় চলতে দিচ্ছে না আমাদের। এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো দরকার। দিদি ডেকেছেন, মিটিং আছে সামনেই। দিদি বলবেন। আর কাদের সঙ্গে লড়াই করব? যারা হেরে রয়েছেন”।





